২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্চয়পত্র বিক্রি বাড়ছে

হলমার্ক কেলেঙ্কারির ঘটনা সবচেয়ে নিরাপদ বিনিয়োগ সঞ্চয়পত্র বিক্রিতে প্রভাব রেখেছে বলে মনে করছেন গবেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত অর্থবছরের পুরো সময়ে যে টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল, এবার দুই মাসেই তার সমান বিক্রি হয়েছে। হলমার্ক কেলেঙ্কারির ঘটনা সবচেয়ে নিরাপদ বিনিয়োগ সঞ্চয়পত্র বিক্রিতে প্রভাব রেখেছে বলে মনে করেন অর্থনীতির গবেষক জায়েদ বখত। সঞ্চয়পত্র বিক্রি সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০১১-১২ অর্থবছরে ৪৭৯ কোটি টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল। চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম দুই মাসে অর্থ্যাৎ জুলাই-অগাস্ট সময়ে বিক্রির পরিমাণ ৪৬২ কোটি ১৭ লাখ টাকা। হলমার্ক কেলেঙ্কারিসহ নানা ঘটনায় ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা কমায় সঞ্চয়পত্র বিক্রির এই উল্লম্ফন বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডএস) গবেষণা পরিচালক জায়েদ বখত। তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোনালী ব্যাংকে হলমার্ক কেলেঙ্কারিসহ অন্যান্য ব্যাংকে এ ধরনের কিছু ঘটনায় আমাদের ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা কমে গেছে। সে কারণে অনেকেই এখন ব্যাংকে টাকা না রেখে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ সঞ্চয়পত্র কিনে রাখছেন।” এছাড়া পুঁজিবাজার সুস্থির না হওয়ার কারণেও অনেকে সঞ্চয়পত্রে বিনিয়োগ করছে বলে মনে করেন জায়েদ বখত। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০১১-১২ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত ৬৩ হাজার ৯১৭ কোটি ৩৪ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল। চলতি অর্থবছরের ৩১ অগাস্ট পর্যন্ত তা বেড়ে ৬৪ হাজার ৩৭৯ কোটি ৫১ লাখ টাকায় দাঁড়িয়েছে। অর্থ্যাৎ চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-অগাস্ট) ৪৬২ কোটি ১৭ লাখ টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। গত অর্থবছরের জুলাই-অগাস্ট সময়ে নিট বিক্রির পরিমাণ ছিল ৩৩৭ কোটি ১৩ লাখ টাকা। আর অর্থবছরের পুরো সময়ে (জুলাই-জুন) নিট বিক্রির পরিমাণ ছিল ৪৭৯ কোটি ২ লাখ টাকা। চলতি অর্থবছরের দ্বিতীয় মাস অগাস্টে ২৫৩ কোটি ৬ লাখ টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। গত বছরের অগাস্টে বিক্রি হয়েছিল মাত্র ২৬ কোটি টাকা। ২০১০-১১ অর্থবছরে ২ হাজার ৫৬ কোটি ৯০ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি (নিট) হয়। কিন্তু মেয়াদ শেষে সঞ্চয়পত্রের সুদ থেকে উৎসে কর কাটা নিয়ে জটিলতার কারণে ২০১১-১২ অর্থবছরে তা কমে ৪৭৯ কোটি ২ লাখ টাকায় নেমে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২০১৫ ঘ.