২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে বাণিজ্য ঘাটতি আড়াই গুণ

অর্থবছরের প্রথম মাসে আমদানি ব্যয় ও রপ্তানি আয়ের মধ্যে পার্থক্য আগের বছরের তুলনায় বেড়েছে আড়াই গুণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থবছরের প্রথম মাসে আমদানি ব্যয় ও রপ্তানি আয়ের মধ্যে পার্থক্য আগের বছরের তুলনায় বেড়েছে আড়াই গুণ। বুধবার জুলাই মাসের (অর্থবছরের প্রথম মাস) বাণিজ্যের এ হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই মাসে রপ্তানি আয় ও আমদানি ব্যয়ের মধ্যে পার্থক্য ৬১ কোটি ৫০ লাখ ডলার। এর আগে ২০১১-১২ অর্থবছরের জুলাই মাসে এ পার্থক্য ছিল ২৭ কোটি ১০ লাখ ডলার। এ হিসাবে অর্থবছরের প্রথম মাসের এই বাণিজ্য ঘাটতি আগের বছরের তুলনায় প্রায় আড়াইগুণ বেশি। বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণিতে দেখা যায়, চলতি বছরের জুলাই মাসে বিভিন্ন ধরনের পণ্য আমদানি বাবদ মোট ব্যয় হয়েছে ৩০৩ কোটি ৩০ লাখ ডলার। এর বিপরীতে একই মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ২৪১ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের জুলাই মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ২৩০ কোটি ৮০ লাখ ডলার। আমদানি খাতে ব্যয় হয় ২৫৭ কোটি ৯০ লাখ ডলার। ঘাটতির পরিমাণ ছিল ২৭ কোটি ১০ লাখ ডলার। তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে গত বছরের জুলাই মাসের তুলনায় আমদানি ব্যয় বেড়েছে ১৭ দশমিক ৬ শতাংশ। আর রপ্তানি আয় বেড়েছে ৪ দশমিক ৭৭ শতাংশ। রপ্তানির চেয়ে আমদানি ব্যয় বেশি বাড়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণিতে আমদানি ও রপ্তানির যে হিসাব দেয়া হয়েছে তাতে আমদানি ও রপ্তানি পণ্য মূল্যের প্রকৃত হিসাব (এফওবি) দেখানো হয়েছে। এ হিসাবে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে ইন্সুরেন্স (বীমা), পিএসআইসহ (প্রাক-জাহাজিকরণ পরিদর্শন) অন্যান্য চার্জ বাদ দিয়ে হিসাব করা হয়েছে। এ সব চার্জ যোগ করা হয়েছে সেবা খাতের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/১৯০৭ ঘ.