২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকের সাবেক পরিচালকদের সম্পদের খোঁজ শুরু

হলমার্ককে অনিয়মের মাধ্যমে ঋণ দেয়ার ঘটনায় পরিচালনা পর্ষদের ওই সদস্যদের কারো সংশ্লিষ্টতা ছিল কি না- তার অনুসন্ধানেই দুদকের এই পদক্ষেপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 04:12 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক কেলেঙ্কারির প্রেক্ষাপটে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্যদের সম্পদের অনুসন্ধান শুরু করছে দুর্নীতি দমন কমিশন। হলমার্ককে অনিয়মের মাধ্যমে ঋণ দেয়ার ঘটনায় পরিচালনা পর্ষদের ওই সদস্যদের কারো সংশ্লিষ্টতা ছিল কি না- তার অনুসন্ধানেই এই কাজ চলছে বলে কমিশনের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। এ বিষয়ে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। তারা কাজ শুরু করেছেন।” নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, পরিচালনা পর্ষদের সাবেক ১০ সদস্যের সম্পদ তাদের আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তারা হলেন- কাজী বাহারুল ইসলাম (পর্ষদের সাবেক চেয়ারম্যান), জান্নাত আরা হেনরি, সুভাষ সিংহ রায়, কাশেম হুমায়ুন, আনোয়ার শহিদ, এ এস এম নায়েম, কে এম জামান রোমেল, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, মো. সহিদুল্লাহ মিয়া ও সাইমুম সারোয়ার কমল। ২০১০ এর জুন থেকে ২০১২ এর মার্চ পর্যন্ত সোনালী ব্যাংকের রূপসী বাংলা, আগারগাঁওসহ একাধিক শাখা থেকে মোট ৩ হাজার ৬০৬ কোটি টাকা হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠান অনিয়মের মাধ্যমে নেয় বলে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এলে তা নিয়ে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। এই অনিয়মে সোনালী ব্যাংকের ওই সময়ের পরিচালনা পর্ষদের এই সদস্যদের কারো কারো যোগসাজশ ছিল বলে বিরোধী দল অভিযোগ করলেও তারা সেই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলে দুদক তা তদন্তের উদ্যোগ নেয়। এরপর বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের অনুরোধে দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীকে প্রধান করে ৬ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়। তদন্তের আওতায় হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ, জিএম তুষার আহমেদসহ বিভিন্ন কর্মকর্তা এবং সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখা এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাসহ মোট ৭৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এদের মধ্যে সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের সাবেক সদস্যরাও ছিলেন। হলমার্কের তানভীর মাহমুদসহ ২৭ জনের বিরুদ্ধে গত ৪ অক্টোবর ১১টি মামলা করে দুদক। ওই মামলায় তানভীর ও তুষারকে গত রোববার গ্রেপ্তারও করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/২২০৭ ঘ.