ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘অতিরিক্ত মুনাফার লোভে অতিরিক্ত ঝুঁকি’ না নিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
রোববার কেন্দ্রীয় ব্যাংকে আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন-২০১১ প্রকাশ অনুষ্ঠানে আতিউর রহমান এই হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে প্রায় সবগুলো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সতর্ক ঋণদানের নীতি অনুসরণ করতে তাদের প্রতি আহ্বান জানান গভর্নর।
সোনালী ব্যাংকের রূপসী বাংলা থেকে হলমার্কের ২ হাজার ৬৬৮ কোটি টাকা সরিয়ে নেয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে গর্ভনর ব্যাংকারদের সতর্ক করেন।
হলমার্ক গ্রুপের নাম উল্লেখ না করে আতিউর রহমান বলেন, “যে কোনো ঝুঁকি এড়াতে আপনার নিজেদের কোষাগারের ব্যবস্থাপনা নিজেরাই করবেন। ব্যাংকের শাখাগুলোর মধ্যে তহবিল স্থানান্তরের বিষয়ে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কোনো একটি শাখা থেকে অনেক অর্থ স্থানান্তর হলে অন্যদের উপর নির্ভর না করে নিজেরাই এবিষয়ে অনুসন্ধান করেন।”
বাণিজ্যিক ব্যাংকগুলো আমানতকারীদের অর্থ দিয়ে তাদের ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে।
নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক অনাকাক্সিক্ষত ঝুঁকি এড়াতে সতর্কতার সঙ্গে এসব অর্থ ব্যবহারের জন্য সবসময় তাদেরকে উপদেশ দিয়ে থাকেন।
অনাকাক্সিক্ষত বিপর্যয়ের মুখে আর্থিক ব্যবস্থা স্থিতিস্থাপক হওয়ায় দেশের আর্থিক খাত খুবই স্থিতিশীল বলে দাবি করেন আতিউর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এমআই/০০১৪ ঘ.
bdnews24