ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় বন্দরগুলোর দুর্বলতার কারণে আধুনিকায়নের পরও দেশের বেশ কয়েকটি স্থলবন্দর চালু করা সম্ভবপর হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।
রোববার দুপুরে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, “স্থলবন্দরগুলো চালু করতে আমরা প্রস্তুত, তবে ভারত এখনো প্রস্তুত নয়। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের কয়েকবার চিঠি দিয়েও বিষয়টি জানানো হয়েছে।”
তবে নিজের সাম্প্রতিক ভারত সফরের কথা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই স্থলবন্দরগুলো চালুর বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হবে।
দেশে বাণিজ্য বিকাশে সড়ক ও রেল যোগাযোগের ক্ষেত্রে অবকাঠামোগত দুর্বলতার কথা স্বীকার করে গোলাম কাদের বলেন, “এভাবে কোনো উন্নয়ন হতে পারে না। অবকাঠামোগত উন্নয়ন ছাড়া বাণিজ্য বিকাশ সম্ভব নয়।”
বাণিজ্যিক ক্ষেত্রকে সহজ করতে ‘ক¤িপ্রহেনসিভ ট্রেড পলিসি’ প্রণয়নের কথাও জানান তিনি।
মন্ত্রী বলেন, “বিশ্বের অনেক দেশের মতো আমাদের এখানেও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়গুলোকে নিয়ে এ পলিসি তৈরি করা হবে।”
এই নীতি বাস্তবায়িত হলে বৈদেশিক বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে ব্যবসায়ীদের বিড়ম্বনার মুখে পড়তে হবে না, বলেন তিনি।
‘ট্রেড ফেসিলিটেশন ইন বাংলাদেশ : কনস্ট্রেইন্টস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক এ আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করে বাংলাদেশ ট্যারিফ কমিশনের উপ-প্রধান রমা দেওয়ান।
মুল প্রবন্ধ বিষয়ে আলোচনায় অংশ নেন বাণিজ্য সচিব মো. গোলাম হোসেন, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ড. সাদিক আহমেদ, বাংলাদেশ ফরেইন ট্রেড ইনস্টিটিউটের ড. মো. মজিবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএএইচ/১৯২১ ঘ.
bdnews24