ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ তদন্ত পর্যবেক্ষণে বিশ্ব ব্যাংক গঠিত প্যানেলকে স্বাগত জানিয়ে তাদের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান প্রসিকিউটর লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পোকে প্রধান করে তদন্ত কমিটি গঠনের প্রতিক্রিয়ায় মন্ত্রী শনিবার সাংবাদিকদের বলেন, “এটা খুবই ভালো। আমাদের দুদকও তদন্ত করছে। এর মধ্য দিয়ে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”
মুহিত বলেন, “বিশ্ব ব্যাংক যে প্যানেল করেছে আমাদের দুদুক তাদের কাছ থেকে উপদেশ-পরামর্শ পাবে।”
বিশ্ব ব্যাংকের এই প্যানেলকে সরকার সহযোগিতা করবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুরোপুরি সহযোগিতা করা হবে। কেন- করা হবে না। কী বলেন এটা।”
“আমাদের দুদক তো জুন মাসেই বলেছিল সব সহযোগিতা করা হবে।”
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন বাতিল করলেও সরকারের পক্ষ থেকে বরাবরই তা প্রত্যাখ্যান করা হয়েছে। তবে বিশ্ব ব্যাংকের দেয়া কয়েকটি শর্ত পূরণ হওয়ায় আগের সিদ্ধান্ত বাতিল করে পদ্মা প্রকল্পে ফেরার ঘোষণা দেয় বহুজাতিক এই এই ঋণদাতা সংস্থা।
অর্থমন্ত্রী বিকালে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে বিশ্ব ব্যাংক আয়োজিত ১৫তম এশিয় চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন। তার আগেই বিশ্ব ব্যাংকের প্যানেল গঠনের ঘোষণা আসে।
এই সব প্রক্রিয়া সেরে পদ্মা সেতুর কাজ শুরু করতে দেরি হবে কি না- জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, “না, দেরি হবে না। আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবেই হবে। আমরা আগামী ফেব্রুয়ারির মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করতে চাই (ইট সুড বি ডান উইদইন ফেব্রুয়ারি)।”
মুহিত এর আগে বলেছিলেন, অক্টোবর মাসের মধ্যে পদ্মা সেতু নির্মাণে দরপত্র আহ্বান করা হবে। ফেব্রুয়ারি-মার্চের মধ্যে দরপত্রসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ হবে। আর এপ্রিল-মে মাসের মধ্যে শুরু হবে পদ্মা সেতুর নির্মাণ কাজ।
বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের ঢাকায় আসার ব্যাপারে সরকারের প্রস্তুতি কেমন- এ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, “পুরোপুরি প্রিপারেশন (প্রস্তুতি) আছে।”
শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে ঢাকায় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন সাংবাদিকদের জানান, তদন্তের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে সমঝোতা চূড়ান্ত করতে বিশ্ব ব্যাংকের যে প্রতিনিধি দলের আসার কথা ছিল, তারা এই মাসের মাঝামাঝিতে আসবে। তারা কয়েকদিন ঢাকায় অবস্থান করবে।”
দুর্নীতির অভিযোগ তুলে গত জুন মাসে বিশ্ব ব্যাংক বাংলাদেশের বহু প্রতীক্ষিত পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করেছিল।
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের তোলা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন, আর তাদের সেই কাজ পর্যবেক্ষণ করবে আর্জেন্টিনার আইনজীবী মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন প্যানেল।
মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন প্যানেলের অন্য দুই সদস্য হলেন- হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং এবং যুক্তরাজ্যের দুর্নীতি দমন কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান।
মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন প্যানেলের পর্যবেক্ষণ পদ্মা সেতু প্রকল্প নিয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করবে বলে আশাবাদী বিশ্ব ব্যাংকের প্রধান জিম ইয়ং কিম।
তিনি এক বিবৃতিতে বলেন, “এই প্যানেলের পর্যবেক্ষণ বাংলাদেশের জনগণের জন্য একটি বড় সুযোগ, যা তদন্তে স্বচ্ছতা, দায়িত্বশীলতার অন্তরায়গুলো দূর করবে।”
২৯১ কোটি ডলার ব্যয়ে ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু তৈরিতে গত বছর বিশ্ব ব্যাংক ছাড়াও এডিবি, আইডিবি ও জাইকার সঙ্গে ঋণচুক্তি করে বাংলাদেশ। কিন্তু বিশ্ব ব্যাংক প্রকল্পে ঋণ বাতিল করলে তা ঝুলে যায়।
পদ্মা প্রকল্পে পরামর্শক নিয়োগে প্রাকযোগ্য প্রতিষ্ঠান কানাডাভিত্তিক এসএনসি লাভালিনের দুই কর্মকর্তাকে কানাডা পুলিশ গ্রেপ্তারের পর দুর্নীতির অভিযোগ উঠে আসে।
দুর্নীতির অভিযোগ তোলার পর গত সেপ্টেম্বরে ঋণচুক্তি স্থগিত করে বিশ্ব ব্যাংক। তখন সরকারকে কয়েকটি শর্ত দেয়া হয়েছিল। কিন্তু তা পালন হয়নি জানিয়ে চুক্তি বাতিল করে তারা।
চুক্তি বাতিলের পর অবশ্য শর্ত পূরণে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। ছুটিতে পাঠানো হয় প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান ও সেতু বিভাগের সাবেক সচিব মোশারররফ হোসেন ভূঁইয়াকে।
পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের তদন্ত পর্যবেক্ষণ করতে দিতেও রাজি হয় সরকার, যার ফলে প্রকল্পে ফেরার ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক।
প্রদর্শনী চলবে ১৩ অক্টোবর পর্যন্ত
প্রদর্শনীতে বাংলাদেশের তিন জনসহ ভারত, নেপাল, শ্রীলংকা, পাকিস্তান, আফগানিস্তান, ভূটান ও মালদ্বীপের ২৫ জন শিল্পীর চিত্রকর্ম প্রদর্শন হচ্ছে। প্রদর্শনী চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/এএল/১৬৩৪ ঘ.
bdnews24