২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মা দুর্নীতির’ তদন্ত পর্যবেক্ষণে প্যানেল

বিশ্ব ব্যাংক গঠিত তিন সদস্যের এই প্যানেলের প্রধান হয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান প্রসিকিউটর লুই মোরেনো ওকাম্পো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 03:41 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

নিউ ইয়র্ক, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ তদন্ত পর্যবেক্ষণ করতে তিন সদস্যের একটি প্যানেল গঠন করেছে বিশ্ব ব্যাংক, যার প্রধান করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান প্রসিকিউটর লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পোকে। শুক্রবার এই প্যানেল গঠনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটনভিত্তিক বহুজাতিক এই ঋণদাতা সংস্থাটি, যে প্যানেলের প্রতিবেদনের ওপর নির্ভর করছে ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন। দুর্নীতির অভিযোগ তুলে গত জুন মাসে বিশ্ব ব্যাংক বাংলাদেশের বহু প্রতীক্ষিত পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করেছিল। তবে সরকারের বহুমুখী তৎপরতায় গত মাসে পদ্মা প্রকল্পে ফেরার ঘোষণা বিশ্ব ব্যাংক দিলেও অর্থ পাওয়ার ক্ষেত্রে তাদের দেয়া শর্তগুলো পূরণের কথা বলছে, যার অন্যতম হল ‘দুর্নীতির’ তদন্ত। পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের তোলা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন, আর তাদের সেই কাজ পর্যবেক্ষণ করবে আর্জেন্টিনার আইনজীবী মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন প্যানেল। বিশ্ব ব্যাংকের দেয়া শর্তেই বাইরে থেকে দুর্নীতি দমন কমিশনের তদন্ত পর্যবেক্ষণের কথা বলা হয়। মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন প্যানেলের অন্য দুই সদস্য হলেন- হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং এবং যুক্তরাজ্যের দুর্নীতি দমন কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান। ফৌজদারি আইন বিশেষজ্ঞ ৬১ বছর বয়সি মোরেনো ওকাম্পো নিজ দেশ আর্জেন্টিনায় সামরিক সরকারের দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরোধিতায় উচ্চকণ্ঠ ছিলেন। বুয়েন্স আয়রেস ইউনিভার্সিটিতে অধ্যাপনার পাশাপাশি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও হার্ভার্ড ল স্কুলে পড়ান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন তিনি। বিশ্বে মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০০৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে তার প্রথম প্রসিটিউটর হিসেবে নিয়োগ পান মোরেনো ওকাম্পো। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে তাকে গ্রেপ্তারের পরোয়ানা জারির আবেদন করেছিলেন ওকাম্পো। সেই পরোয়ানা জারিও হয়েছিল। তবে বিচারের আগেই নিহত হন গাদ্দাফি। মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন প্যানেলের পর্যবেক্ষণ পদ্মা সেতু প্রকল্প নিয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করবে বলে আশাবাদী বিশ্ব ব্যাংকের প্রধান জিম ইয়ং কিম। তিনি এক বিবৃতিতে বলেন, “এই প্যানেলের পর্যবেক্ষণ বাংলাদেশের জনগণের জন্য একটি বড় সুযোগ, যা তদন্তে স্বচ্ছতা, দায়িত্বশীলতার অন্তরায়গুলো দূর করবে।” ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু তৈরিতে গত বছর বিশ্ব ব্যাংক ছাড়াও এডিবি, আইডিবি ও জাইকার সঙ্গে ঋণচুক্তি করে বাংলাদেশ। কিন্তু বিশ্ব ব্যাংক প্রকল্পে ঋণ বাতিল করলে তা ঝুলে যায়। পদ্মা প্রকল্পে পরামর্শক নিয়োগে প্রাকযোগ্য প্রতিষ্ঠান কানাডাভিত্তিক এসএনসি লাভালিনের দুই কর্মকর্তাকে কানাডা পুলিশ গ্রেপ্তারের পর দুর্নীতির অভিযোগ উঠে আসে। দুর্নীতির অভিযোগ তোলার পর গত সেপ্টেম্বরে ঋণচুক্তি স্থগিত করে বিশ্ব ব্যাংক। তখন সরকারকে কয়েকটি শর্ত দেয়া হয়েছিল। কিন্তু তা পালন হয়নি জানিয়ে চুক্তি বাতিল করে তারা। চুক্তি বাতিলের পর অবশ্য শর্ত পূরণে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। ছুটিতে পাঠানো হয় প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান ও সেতু বিভাগের সাবেক সচিব মোশারররফ হোসেন ভূঁইয়াকে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের তদন্ত পর্যবেক্ষণ করতে দিতেও রাজি হয় সরকার, যার ফলে প্রকল্পে ফেরার ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/০৯৩৯ ঘ.