২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচার, সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি মোকাবেলায় নির্দেশনা

আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন ঝুঁকিকে ‘মুখ্য ঝুঁকি’ হিসেবে গণ্য করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন ঝুঁকিকে ‘মুখ্য ঝুঁকি’ হিসেবে গণ্য করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তা সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে। এতে বলা হয়, “এখন থেকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন ঝুঁকি আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে একটি মুখ্য ঝুঁকি হিসেবে বিবেচিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হওয়ায় তা যথাযথভাবে অনুসরণের জন্য আপনাদের নির্দেশ দেয়া হলো।” ‘আর্থিক প্রতিষ্ঠানগুলোর মুখ্য ঝুঁকি ব্যবস্থাপনার গাইডলাইন’ শীর্ষক এই সার্কুলার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা হয়। সার্কুলারে আরো বলা হয়, ২০১০ সালের ২১ জুন এক সার্কুলারের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানের জন্য ঋণ, সম্পদ-দায়, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপত্তা -এ চারটি মুখ্য ঝুঁকি ব্যবস্থাপনার নির্দেশনা জারি করা হয়। আর্থিক প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনাকে ন্যূনতম মানদ- বিবেচনায় নিজস্ব গাইডলাইন প্রণয়ন করে পরিপালন করছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবসার ব্যাপ্তি ও প্রকৃতি, কার্যক্রম পরিচালনার আইনি কাঠামো ইত্যাদি বিবেচনায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন সংঘটিত হওয়ার ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ ও সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (২০১২ সালের সংশোধনীসহ) এর যথাক্রমে ২৩(ঘ) এবং ১৫(জ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৬ সেপ্টেম্বর আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ‘গাইডলাইন নোটস অন প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং’ পাঠানো হয়েছে। এরই পরিপেক্ষিতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন ঝুঁকি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/১৮০০ ঘ.