ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া নথি নিয়ে ‘জটিলতা’ এড়াতে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেয়া বন্ধ রেখেছে সংযুুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি সুরাহা করার চেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আত্তীকরণ ও আবাসন বিভাগের অ্যাসিট্যান্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল আল আওয়াদি আল মেনহালিকে উদ্ধৃত করে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গাল্ফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশিদের ভিসা না দেয়ার বিষয়টি সাময়িক, এটা নিষেধাজ্ঞা নয়।
বাংলাদেশ সরকার কিছু বিষয়ে পদক্ষেপ নিলেই পরিস্থিতি আবার ‘স্বাভাবিক’ হয়ে আসবে বলে জানান তিনি।
গাল্ফ নিউজ লিখেছে, “তবে আপাতত বাংলাদেশি নাগরিকদের নতুন করে কোনো ধরনের ভিসা দেয়া হবে না বলে নিশ্চিত করেছেন আল আওয়াদি আল মেনহালি।”
এছাড়া যেসব বাংলাদেশি বর্তমানে বৈধভাবে আরব আমিরাতে অবস্থান করছেন, তাদের ভিসার মেয়াদ বা ওয়ার্ক পারমিট নবায়নের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না বলে উল্লেখ করেছে গাল্ফ নিউজ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক মহাপরিচালক মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংযুক্ত আরব আমিরাতে আমাদের রাষ্ট্রদূত মো. নাজমুল কাওনাইন এবং দুবাইয়ে কন্সাল জেনারেল মো. আবু জাফর এ বিষয়ে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন।
“তারা জানিয়েছেন, ভিসা বন্ধের এ সিদ্ধান্ত সাময়িক। সেখানে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানের উদ্যোগ ইতোমধ্যে নেয়া হয়েছে।”
২০১১ সালে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে গেছে প্রায় দুই লাখ ৮৭ হাজার কর্মী।
বাংলাদেশে সৌদি আরবের পর সবচেয়ে বেশি রেমিটেন্স আসে আরব আমিরাত থেকে। ২০১১-১২ অর্থবছরে দেশটি থেকে বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল ২৪০ কোটি ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৬৪৮ ঘ.
bdnews24