২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলমার্ককাণ্ড: তানভীরসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক কে এম আজিজুর রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করেছে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 08:45 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়াই হাজার কোটি টাকা কেলেঙ্কারির ঘটনায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার তৎকালীন ব্যবস্থাপক কে এম আজিজুর রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জ্যেষ্ঠ উপ পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে দুদকের ৬ কর্মকর্তা বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় মামলাগুলো দায়ের করেন। ১১টি মামলার মধ্যে শিবলী একটি মামলার বাদী। এছাড়া দুদকের উপ পরিচালক আক্তার হামিদ, সহকারী পরিচালক মুজিবুর রহমান, সহকারী পরিচালক মশিউর রহমান, সহকারী পরিচালক নাজমুস সাদাত ও উপ সহকারী পরিচালক জয়নাল আবেদীন দুটি করে মামলা দায়ের করেন। শিবলী থানায় উপস্থিত সাংবাদিকদের বলেন, সোনালী ব্যাংকের শেরাটন (বর্তমান রূপসী বাংলা) শাখা থেকে হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় আংশিক প্রতিবেদনের ভিত্তিতে এই ১১টি মামলা আমরা দায়ের করেছি। এতে মূলত তহবিল সরিয়ে নেয়ার বিষয়টিতে গুরুত্ব দেয়া হয়েছে।” মামলায় হলমার্ক গ্র“পের সাতজনকে আসামি করা হয়েছে। এরা হলেন, হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম, জিএম তুষার আহমেদ, আনোয়ারা স্পিনিং মিলসের স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম, ম্যাক স্পিনিং মিলের স্বত্ত্বাধিকারী মীর জাকারিয়া, সেঞ্চুরি ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারীর জিয়াউর রহমান ও অ্যাপারেলস এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. শহীদুল ইসলাম। আসামির তালিকায় সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার পাঁচ কর্মকর্তার নাম এসেছে। এরা হলেন- সাবেক ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান, এজিএম মো. সাইফুল হাসান (সাময়িক বরখাস্ত), নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন (সাময়িক বরখাস্ত), জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরী, অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার মো. ওয়াহেদুজ্জামান। এছাড়া সোনালী ব্যাংক প্রধান শাখার সাবেক এমডি মো. হুমায়ুন কবীর, ডিএমডি মো. মাইনুল হক (বর্তমানে ওএসডি), ডিএমডি মো. আতিকুর রহমান (ওএসডি), জিএম আ ন ম মাশরুর উল হুদা সিরাজি, জিএম ননী গোপাল নাথ (ওএসডি), জিএম মীর মহিদুর রহমান (ওএসডি), ডিজিএম শেখ আলতাফ হোসেন (সাময়িক বরখাস্ত), ডিজিএম ভগবতী মজুমদার (সাময়িক বরখাস্ত), সাবেক জিএম সবিতা সিরাজ, ডিজিএম মো. শফিজুদ্দিন আহমেদ (সাময়িক বরখাস্ত), ডিজিএম ফাতেমা চৌধুরী, এজিএম মো. কামরুল হোসেন খান (সাময়িক বরখাস্ত), এজিএম আশরাফ আলি পাটোয়ারি (সাময়িক বরখাস্ত), এজিএম মো. আবুল হাসান ও এজিএম মো. খুরশীদ আলমকেও আসামি করা হয়েছে এসব মামলায়। এই ২৭ জনের মধ্যে ১৮ জন ১১টি মামলাতেই আসামি। দুদক চেয়াম্যান গোলাম রহমান বুধবার সাংবাদিকদের বলেন, “দুদকের প্রাথমিক অনুসন্ধানে সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখা থেকে ১ হাজার ৫৬৮ কোটি টাকা নিয়ম বহির্ভূতভাবে ঋণ নেয়ার প্রমাণ পাওয়া গেছে। সেই অনুযায়ী তদন্ত দল কমিশন বরাবর ১১টি মামলার সুপারিশ করেছে এবং কমিশন তা অনুমোদন করেছে।” অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তলবে হাজির হয়ে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ইতোমধ্যে নিয়ম ভেঙে ঋণ নেয়ার কথা স্বীকার করেছেন। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার তৎকালীন ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানকেও সাময়িক বরাখাস্ত করা হয়েছে। ২০১০ সাল থেকে ২০১২ সালের মার্চ মাস পর্যন্ত সোনালী ব্যাংকের রূপসী বাংলা কার্যালয় সহ একাধিক কার্যালয় থেকে অবৈধভাবে ৩ হাজার ৬০৬ কোটি টাকা সরানোর অভিযোগ রয়েছে হলমার্ক গ্রুপ, নকশি নিট কম্পোজিট, খান জাহান আলী স্যুয়েটার্স এবং ডিএন স্পোর্টস সহ ৬টি প্রতিষ্ঠান। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই সরিয়েছে ২ হাজার ৬০০ কোটি টাকা। এ বিষয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হলে আমলে নেয় দুদক। এরপর সোনালী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের অনুরোধে এই অর্থ কারসাজির প্রাথমিক অনুসন্ধান শুরু করে কমিশন। এর আওতায় তানভীর মাহমুদ, এ কে এম আজিজুর রহমান, হলমার্ক গ্রুপের জিএম তুষার আহমেদ, চেয়ারম্যান জেসমিন আহমেদ, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের তৎকালীন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের তৎকালীন সদস্যসহ মোট ৭৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন দুদক কর্মকর্তারা। সোনালী ব্যাংকের ব্যাবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যরা অবশ্য গণমাধ্যমের সামনে নিজেদের নির্দোষ দাবি করেছেন। অন্যদিকে পরিচালনা পর্ষদের সদস্যরা বলেছেন, ওই আর্থিক অনিয়মের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষই দায়ী। দুদক চেয়ারম্যান বুধবার বলেন, “দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানী প্রতিবেদনে এখনও পর্যন্ত পরিচালনা পর্ষদের কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের তৎকালীন চেয়ারম্যানসহ সব সদস্যের সম্পদের পরিমাণ অনুসন্ধান করা হচ্ছে।” হলমার্কের অর্থ কারসাজির ঘটনার আদৌ তাদের সংশ্লিষ্টতা রয়েছে কী না তা জানার জন্যই অনুসন্ধান কার্যক্রম চলছে বলে তিনি জানান। হলমার্কের অর্থ কারসাজির ঘটনায় ভবিষ্যতে আরো মামলা করার প্রস্তুতি রয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন,“ সোনালী ব্যাংক ছাড়াও ২৬ টি ব্যাংকের ৬১টি শাখা এর সাথে যুক্ত। এই ব্যাংকগুলোর কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। তাদের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন জমা পড়লে পরবর্তীতে আরও মামলা করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।” ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুই মহাব্যবস্থাপকসহ ২০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। কেলেঙ্কারির ঘটনায় নাম আসায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমডি/জেকে/১৪৪০ ঘ.