২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাস নীতিমালার বাস্তবায়ন দাবি

টেলিকম নির্ভর স্থানীয় কনটেন্ট এবং অ্যপ্লিকেশন শিল্পে এক লাখের বেশি কর্মসংস্থান তৈরি করতে ভিএএস (ভ্যাস- মূল্য সংযোজিত সেবা) খসড়া নীতিমালার দ্রুত বাস্তবায়ন চেয়েছে তথ্য-প্রযুক্তি সংশ্লিস্ট ছয়টি বানিজ্য সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 05:57 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিকম নির্ভর স্থানীয় কনটেন্ট এবং অ্যপ্লিকেশন শিল্পে এক লাখের বেশি কর্মসংস্থান তৈরি করতে ভিএএস (ভ্যাস- মূল্য সংযোজিত সেবা) খসড়া নীতিমালার দ্রুত বাস্তবায়ন চেয়েছে তথ্য-প্রযুক্তি সংশ্লিস্ট ছয়টি বানিজ্য সংগঠন। প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়িত হলে এ শিল্পে আগামী দুই থেকে তিন বছরে ৫ হাজার কোটি টাকার স্থানীয় বাজার এবং উদ্যোক্তা তৈরি হবে বলেও বানিজ্য সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। বুধবার জাতীয় প্রেসক্লাবে টেলিকম নেটওয়ার্কভিত্তিক দেশীয় অ্যাপ্লিকেশন ও কনটেন্ট সার্ভিস শিল্প বিকাশ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ভিএএস খসড়া নীতিমালা দ্রুত বাস্তবায়নে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় ও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনগুলোর প্রতিনিধিরা। তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বানিজ্য সংগঠনগুলোর প্রতিনিধিরা বলেন, বর্তমানে ভিএএস শিল্প কোন লাইসেন্স দ্বারা নিয়ন্ত্রিত নয়, এজন্য বর্তমান ক্ষুদ্র সফটওয়ার ও আইটি উদ্যোক্তাদের মেধার ও কাজের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। খসড়া নীতিমালা বাস্তবায়ন হলে সৃজনশীলতার মূল্য পাওয়া যাবে বলে মনে করে তারা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত মার্চে মোবাইল ফোনের মূল্য সংযোজিত সেবার (ভ্যাস) লাইসেন্সের খসড়া নীতিমালা তৈরি করে। খসড়া নীতিমালা অনুযায়ী, লাইসেন্স নেয়া টেলিকম প্রতিষ্ঠান ভ্যাস অপারেটর হিসেবে পরিচিত হবে। তারা মোবাইল অপারেটরদের বিদ্যমান প্রযুক্তি ও অবকাঠামো ব্যবহার করে ভ্যাস সেবা দিবে। খসড়া নীতিমালায় বলা হয়েছে, মোবাইল ফোন অপারেটররা এ লাইসেন্স পাবে না । বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি একেএম ফাহিম মাশরুর বলেন, “গত কয়েক বছরে টেলিকম শিল্পে অবকাঠামোগত উন্নতি হলেও, এখনও ভিএএস এর ব্যবহার শুধু রিংটোন ও ওয়ালপেপারে সীমাবন্ধ। এই শিল্প গড়ে উঠার জন্য দ্রুত ভিএএস গাইডলাইন বাস্তবায়ন করতে হবে।” কনটেন্ট প্রোভাইডার এন্ড এগ্রিগেটরস এসোসিয়েশনের বাংলাদেশ সভাপতি সাইফুল ইসলাম বলেন, প্রস্তাবিত ভিএএস নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে টেলিকম অপারেটরদের নিয়ন্ত্রন থেকে ভিএএসকে পুরোপুরি মুক্ত করে এই সেবা সবার কাছে নিয়ে যেতে হবে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আখতারুজ্জামান মঞ্জু মনে করেন, মোবাইল অপারেটরদের কাজ কনটেন্ট তৈরি করা না। বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোটার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা রফিকুল ইসলাম, বাংলাদেশ এসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোসিং -এর সভাপতি আহমদুল হক, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ফয়জুল্লাহ খান এবং সাবেক সভাপতি মোস্তফা জববার এ সময় বক্তব্য রাখেন। মোবাইল ফোনের মূল্য সংযোজিত সেবার (ভ্যাস) লাইসেন্সের খসড়া নীতিমালা নিয়ে গত মে মাসে পৃথক দুটি অনুষ্ঠানে দেশের সব চেয়ে বড় দুই অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংক আপত্তি জানিয়েছে। দুই অপারেটরের দাবি, খসড়া নীতিমালা আন্তজার্তিক মানের হয়নি। আগামীতে থ্রিজি সেবা হবে ভ্যাস নির্ভর, অপারেটররা ভ্যাস সেবা দিতে না পারলে তা ব্যবসাবান্ধব হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১১৫৩ ঘ.