২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী জিই

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মার্কিন বহুজাতিক কোম্পানি জেনারেল ইলেকট্রিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এই আগ্রহ প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 03:05 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন বহুজাতিক কোম্পানি জেনারেল ইলেকট্রিক বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবার বিকালে জেনারেল ইলেকট্রিক কোম্পানির বোর্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফরি রবার্ট ইমেল্ট বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরও বিনিয়োগের বিষয়ে এই আগ্রহের কথা জানান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের জানান। আর্থ সামজিক উন্নয়নের প্রশংসা করে বাংলাদেশকে ‘এশিয়ার নতুন বাঘ’ হিসাবেও উল্লেখ করেন ইমেল্ট। প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে মানবসম্পদ উন্নয়নে জেনারেল ইলেকট্রিক সহায়তা করতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জেনারেল ইলেকট্রিকের মতো মার্কিন কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, উন্নত বিদ্যুৎ ব্যবস্থাপনায় জেনারেল ইলেকট্রিক তাদের ভূমিকা রাখতে পারে। “আমরা আশা করি, বেসরকারি প্রকল্পের মূল উদ্যোক্তার পাশাপাশি সরকারি প্রকল্পে জেনারেল ইলেকট্রিককে পাশে পাবো”, যোগ করেন প্রধানমন্ত্রী। সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ই ইলাহী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুল হক, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ মো. ওয়াহেদ উজ জামান এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/২১০২ ঘ.