২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ সুদ হারঋণ নিতে অনীহা এসএমই উদ্যোক্তাদের

জাইকার অর্থায়নে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য শুরু হওয়া প্রকল্পের জন্য উদ্যোক্তা খুঁজে পাচ্ছে না প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 12:26 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাইকার অর্থায়নে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য শুরু হওয়া প্রকল্পের জন্য উদ্যোক্তা খুঁজে পাচ্ছে না প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন। মঙ্গলবার সকালে রাজধানীতে এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ উন্নয়নে অর্থনৈতিক প্রকল্প’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তাদের আলোচনায় বিষয়টি উঠে আসে। উদ্যোক্তা খুঁজে না পাওয়ার জন্য ব্যাংকগুলোর উচ্চ সুদের হারকে দায়ী করেন আলোচকরা। বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, “প্রকল্পের আওতায় থাকা ব্যাংকগুলো শতকরা পাঁচ শতাংশ হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেবে, আর উদ্যোক্তাদের কাছে তা ১৫ থেকে ২০ শতাংশ হারে প্রদান করবে।” “উদ্যোক্তাদের অবস্থা এখন এমন যে, এতো উচ্চ সুদে ঋণ নেয়া কারো পক্ষেই সম্ভব নয়। সুদের হার না কমলে তাই উদ্যোক্তাও পাওয়া যাবে না,” বলেন তিনি। বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়া দাবি করেন, মধ্যবর্তী সুদের হার কমিয়ে না আনলে উদ্যোক্তাদের জন্য টিকে থাকা সম্ভব হবে না। উদ্যোক্তাদের এ অভিযোগ মেনে নিয়েই বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ প্রকল্প বিভাগের মহাব্যাবস্থাপক সুকমল সিনহা চৌধুরী বলেন, “জাইকার নতুন এ তহবিলে এখন পর্যন্ত খুব বেশি সাড়া পাচ্ছি না। ব্যাংকগুলো বলছে, প্রকৃত উদ্যোক্তা পাচ্ছি না, আর উদ্যোক্তারা বলছে ঋণ পাচ্ছি না।” উচ্চ সুদের হার প্রসঙ্গে তিনি বলেন, “সরকার প্রথম থেকেই প্রকল্পের জন্য সুদের হার নির্ধারণ করে দিতে চেয়েছিল। কিন্তু জাইকা এতে রাজি হয়নি। যেহেতু চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে তাই সুদের হারে কোনো সীমা বেধে দেয়া এ মুহুর্তে সম্ভব নয়। তবে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করবে যেন ব্যাংকগুলো এ হার সহনীয় পর্যায়ে রাখে।” ব্যাংকগুলো যাতে কোনো অলিখিত ফি বা অতিরিক্ত কোনো অর্থ আদায় করতে না পারে সেদিকে বাংলাদেশ ব্যাংক নজর রাখছে বলেও জানান সুকমল সিনহা। এছাড়া কোনো উদ্যোক্তা ব্যাংকের মাধ্যমে ঋণ পেতে ব্যর্থ হলে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করলে ঋণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবিএম খোরশেদ আলম বলেন, “বড় উদ্যোক্তাদের বিপরীতে যদি ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই সুদের হারের বিষয়টি নির্ধারণ করতে হবে। তবে যেহেতু এ ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে তাই এর পরের বার থেকে চুক্তি করার সময় এ বিষয়গুলোতে আমরা সচেতন থাকতে চেষ্টা করবো।” নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে বিদ্যুৎ ও গ্যাস সংযোগের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। “এজন্য বাংলাদেশ ব্যাংক ও শিল্প মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে- যেন বিদ্যুৎ বা গ্যাসের অভাবে উদ্যোগ থেমে না যায়।” জাইকা এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে প্রায় ৫২২ কোটি টাকা সাহায্য দেবে। গত ১ অক্টেবর থেকে শুরু হওয়া এ প্রকল্প চলবে ২০১৮ সাল পর্যন্ত। প্রকল্পে ২১টি ব্যাংক এবং ১৮টি আর্থিক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের আওতায় একজন উদ্যোক্তা সর্বনিম্ন পাঁচ লাখ থেকে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। যে কোনো কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ, কৃষি যন্ত্রপাতি উৎপাদন, নারী উদ্যোক্তা পরিচালিত ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প, আমদানি বিকল্প পণ্যসহ অন্যান্য উদ্যোগের জন্য এ প্রকল্পের আওতায় শতকরা ৯০ শতাংশ পর্যন্ত ঋণ নেয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/এসইউ/১৮১৬ ঘ.