ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) প্রবাসীরা সাড়ে ৩ বিলিয়নের (৩৫০ কোটি) বেশি ডলার দেশে পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার রেমিটেন্স প্রবাহের যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১১৭ কোটি ২০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। অগাস্ট মাসে এসেছিল ১১৭ কোটি ৮৬ লাখ ডলার। আর অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ১২০ কোটি ১১ লাখ ডলার।
সব মিলিয়ে জুলাই-সেপ্টেম্বর সময়ে ৩৫৫ কোটি ১৭ লাখ (৩ দশমিক ৫৫ বিলিয়ন) ডলারের রেমিটেন্স দেশে এসেছে।
গত ২০১১-১২ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে মোট ২৯৬ কোটি ৮৭ লাখ (২ দশমিক ৯৬ বিলিয়ন) ডলার পঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।
এর মধ্যে গত বছরের জুলাই মাসে এসেছিল ১০১ কোটি ১৫ লাখ ডলার। এছাড়া অগাস্টে ১১০ কোটি ১৮ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ৮৫ কোটি ৫ লাখ ডলারের রেমিটেন্স আসে।
চলতি বছর জানুয়ারিতে ১২২ কোটি ১৪ লাখ ডলার রেমিটেন্স দেশে আসে, যা একক মাস হিসাবে রেমিটেন্স আসার ক্ষেত্রে রেকর্ড।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রেমিটেন্স প্রবাহের ইতিবাচক ধারার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভও ‘সন্তোষজনক’ অবস্থায় রয়েছে। মঙ্গলবার দিনের শুরুতে রিজার্ভের পরিমাণ ছিল ১১ দশমিক ২৪ বিলিয়ন (এক হাজার ১২৪ কোটি) ডলার।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোরবানির ঈদ সামনে রেখে প্রবাসীরা তাদের পরিবার-পরিজনের কাছে বেশি টাকা পাঠাচ্ছেন। এ কারণে চলতি অক্টোবর মাসে রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৬৩৫ ঘ.
bdnews24