ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থায়ান যেই করুক, সরকারের অবশিষ্ট মেয়াদের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করাই সরকারের ‘মূল লক্ষ্য’ বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার ফুলবাড়িয়া বাস টার্মিনাল পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের বলেন, “দাতাদের অর্থায়নেই হোক, আর বিকল্প বা নিজস্ব অর্থায়নেই হোক, আমার লক্ষ্য হচ্ছে সরকারের অবশিস্ট সময়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা।”
বিশ্ব ব্যাংক প্রতিনিধিরা সোমবার পদ্মা সেতু নিয়ে আলোচনার জন্য ঢাকায় আসার কথা থাকলেও তারা আসেননি কেন জানতে চাইলে মন্ত্রী বলেন “বিশ্ব ব্যাংক বা দাতাদের অর্থায়নের বিষয়গুলো সমন্বয় করে ইআরডি ও অর্থ মন্ত্রণালয়।”
“পত্রিকায় লেখা হয়েছে সোমবার প্রতিনিধিরা আসবে না। তবে তাদের (বিশ্ব ব্যাংকের) প্রতিনিধিরা জানিয়েছেন, তারা সামনে আসবেন।”
ঢাকার যানজট নিরসনের ওপর গুরুত্ব দিয়ে কাদের বলেন, “এভাবে চলতে থাকলে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়বে। এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে।”
যানজট নিরসনে যোগাযোগ মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিস্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
বাস টার্মিনাল পদির্শনের সময় ফুলবাড়িয়া এলাকায় রাস্তার পাশে অবৈধভাবে ফেলে রাখা নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার জন্য ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন যোগাযোগ মন্ত্রী।
মন্ত্রণালয় ও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় তার সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৬৫৫ ঘ.
bdnews24