ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে তৃতীয় এগ্রো বাংলাদেশ মেলা যার মূল প্রতিপাদ্য ‘কৃষিতে উন্নতি, আধুনিক প্রযুক্তি’।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এতে আটটি দেশের ৬৫টি প্রতিষ্ঠান অংশ নেবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুক জানান, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সিড এসোসিয়েশন এই মেলার আয়োজন করেছে।
তিনি জানান, মেলায় বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, তাইওয়ান, চীন, জাপান, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের ৬৫টি প্রতিষ্ঠান ১৬০টি স্টলে তাদের উৎপাদিত বীজ, সার, আধুনিক কৃষি যন্ত্রপাতি, কীটনাশক প্রদর্শন করবে।
“কৃষিখাতের সম্পৃক্ত ব্যবসায়ী ও ব্যক্তিদের নতুন প্রযুক্তি ও পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। তারা নিত্যনতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারলে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সীমিত জমিতে অধিক খাদ্য উৎপাদন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সাহায্য করবে,” যোগ করেন ফারুক।
তিনি জানান, মেলায় আন্তর্জাতিক সেমিনার ও ওয়ার্কশপেরও আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৬১৯ ঘ.
bdnews24