২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাম বাড়ছে বুধবার

পূর্ব ঘোষণা অনুযায়ী বিদ্যুতের পাইকারি (বাল্ক) ও গ্রাহক (খুচরা) পর্যায়ে দাম বাড়ছে বুধবার থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 04:49 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব ঘোষণা অনুযায়ী বিদ্যুতের পাইকারি (বাল্ক) ও গ্রাহক (খুচরা) পর্যায়ে দাম বাড়ছে বুধবার থেকে। প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম ৩ টাকা ২৭ পয়সা থেকে ১৪ দশমিক ৩৭ শতাংশ বেড়ে হচ্ছে ৩ টাকা ৭৪ পয়সা। আর প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম বুধবার থেকে হচ্ছে ৫ টাকা ০২ পয়সা। আগের ৪ টাকা ৭১ পয়সা থেকে ৭ দশমিক ০৯ শতাংশ বেড়ে এ দাম হচ্ছে। গত বছরের ২৪ নভেম্বর পাইকারি দাম এবং ২২ ডিসেম্বর গ্রাহক পর্যায়ে পৃথকভাবে দুই দফায় বাড়ানোর ঘোষণা দেয় জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। প্রথম দফায় যা ১ ডিসেম্বর থেকে কার্যকর হয়। দ্বিতীয় দফায় এ দাম বুধবার থেকে কার্যকর হচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য সেলিম মাহমুদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী বিদ্যুতের পাইকারি (বাল্ক) ও গ্রাহক পর্যায়ে দাম বুধবার থেকে বাড়ছে।” এ নিয়ে বর্তমান সরকারের আমলে বিদ্যুতের খুচরা ও পাইকারি (বাল্ক) উভয় দাম বাড়ছে চার বার। সর্বশেষ গত ১ ডিসেম্বর থেকে প্রতি ইউনিট পাইকারি (বাল্ক) বিদ্যুতের দাম ২ টাকা ৮০ পয়সা থেকে ১৬ দশমিক ৭৯ শতাংশ বাড়িয়ে ৩ টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয়। পাশাপাশি প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম ৪ টাকা ১৬ পয়সা থেকে ১৩ দশমিক ২৪ শতাংশ বাড়িয়ে ৪ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়। নতুন পাইকারি দাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছ থেকে পাইকারি গ্রাহক ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও আরইবি এবং পিডিবির নিজস্ব বিতরণ অঞ্চলগুলো বিইআরসির নির্ধারিত দামে বিদ্যুৎ কেনে। পাইকারি এসব গ্রাহকরা সারাদেশে গ্রাহক (খুচরা) পর্যায়ে বিদ্যুৎ বিক্রি করে থাকে। দাম বাড়ায় ১৩২ কেভি ও ৩৩ কেভি সঞ্চালন লাইনের জন্য প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ আরইবিকে যথাক্রমে ৪ টাকা ২০ পয়সা ও ৩ টাকা ১৭ পয়সায়, ওজোপাডিকোকে ৪ টাকা ২০ পয়সা ও ৩ টাকা ৪৭ পয়সায়, ডেসকোকে ৪ টাকা ২০ পয়সা ও ৪ টাকা ২৪ পয়সায় এবং ডিপিডিসিকে ৪ টাকা ২০ পয়সা ও ৪ টাকা ২৪ পয়সায় কিনতে হবে। এ ছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব বিতরণ অঞ্চলে ৪ টাকা ২০ পয়সা এবং ৩ টাকা ৯৮ পয়সায় কিনতে হবে। পিডিবি, ডেসকো, ডিপিডিসি ও ওজোপাডিকোর নতুন দাম আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ১০০ ইউনিট পর্যন্ত ২ টাকা ৮৭ পয়সা, ১০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ৪ টাকা ৪ পয়সা, ৪০০ ইউনিটের ওপরে ৭ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সেচে ২ টাকা ১৩ পয়সা, অনাবাসিক বাতির ক্ষেত্রে ৩ টাকা ৬৯ পয়সা এবং রাস্তার বাতি ও পানির পাম্পের জন্য ৫ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। আরইবির নতুন দাম আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ১০০ ইউনিট পর্যন্ত ২ টাকা ৯০ পয়সা থেকে ৩ টাকা ৩৪ পয়সা, ১০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ৩ টাকা ৪৫ পয়সা থেকে ৩ টাকা ৯৫ পয়সা, ৩০১ থেকে ৫০০ ইউনিট পর্যন্ত ৫ টাকা ৬৩ পয়সা থেকে ৫ টাকা ৯৮ পয়সা এবং ৫০০ ইউনিটের ওপরে ৭ টাকা ৪২ পয়সা থেকে ৮ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সেচে ২ টাকা ৮৭ পয়সা থেকে ৩ টাকা ৩৬ পয়সা, অনাবাসিক (দাতব্য প্রতিষ্ঠান) ৩ টাকা ৬২ পয়সা থেকে ৩ টাকা ৭০ পয়সা এবং রাস্তার বাতির জন্য ৫ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২২৪৭ ঘ.