বাংলাদেশ/অর্থনীতি/আদার টপ
বিএন-
ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মাসের মধ্যে লাইসেন্স না নিলে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
কমিশনের ৫৪তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিইআরসির সদস্য সেলিম মাহমুদ।
সারাদেশে প্রায় ৪২০০ পেট্রোল পাম্প ও ৫৮৫টি সিএনজি স্টেশন রয়েছে। এর মধ্যে প্রায় ১২০টি সিএনজি স্টেশন লাইসেন্স নিয়েছে। তবে কোনো পেট্রোল পাম্প এ পর্যন্ত লাইসেন্স নেয়নি।
সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ঔনার্স অ্যাসোসিয়েশন ফি কমিয়ে লাইসেন্স নিতে সম্মত। তবে পেট্রোল পাম্প ঔনার্স অ্যাসোসিয়েশন বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নিয়ে কাজ করছে উল্লেখ করে বলেছে, তারা নতুন করে লাইসেন্স নেবে না।
বিইআরসির লাইসেন্স বিষয়ক সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে পেট্রোল পাম্প ঔনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, “গত ৭০ বছর ধরে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নিয়ে ব্যবসা করে আসছি। এখন বিইআরসি থেকে লাইসেন্স নিতে বলা হচ্ছে।”
এক্ষেত্রে লাইসেন্স ফি এক লাখ টাকা ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, “বিস্ফোরক অধিদপ্তরে পাঁচ থেকে আট হাজার টাকা দিয়ে ছাড়পত্র নেওয়া হচ্ছে সেখানে বিইআরসি থেকে আবার কেন লাইসেন্স নেব?”
তিনি জানান, সভার সিদ্ধান্ত লিখিতভাবে পাওয়ার পর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লাইসেন্স না নেওয়ার বিষয়টি জানানো হবে।
সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ঔনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা লাইসেন্স নিতে চাই, তবে ফি কমাতে হবে। এক লাখ টাকা ফি দিয়ে কেউ লাইসেন্স নেবে না।”
স¤প্রতি কমিশন এই ফি ২৫ হাজার টাকা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তা বাস্তবায়ন না করে এ ধরনের হঠকারি সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি।
তিনি বলেন, “নিয়ন্ত্রক সংস্থা হিসেবে জ্বালানি খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব বিইআরসির। কিন্তু তারা যথাযথভাবে দায়িত্ব পালন করছে না।”
এভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিলে এ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি।
পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের মালিকদের অভিযোগ প্রসঙ্গে বিইআরসি সদস্য সেলিম বলেন, “বিইআরসি আইন-২০০৩ অনুযায়ী পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য বিক্রির ক্ষেত্রে কমিশনের লাইসেন্সভুক্ত হতে হবে। তাদের বিভিন্ন সময়ে এ ব্যাপারে তাগিদা দেওয়া হলেও তারা তা না মানায় কমিশন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/২১২৭ ঘ.
bdnews24