ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্দার মধ্যে ঋণমান সূচকে বিশ্বের বিভিন্ন দেশের অবনমন ঘটলেও এক্ষেত্রে বাংলাদেশ তার আগের অবস্থান ধরে রেখেছে।
দুটি আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত সূচকে আগের ঋণমানেই দেশের অবস্থান রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার সংসদে বলেন, সোমবার সরকার বার্ষিক ঋণমানে দেশের অবস্থান জানতে পেরেছে এবং গত বছর যা ছিলো এবারও তাই রয়েছে।
গত বছর মুডি ও স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরের ঋণমানে বাংলাদেশের অবস্থান ছিলো বি বি মাইনাস, এবারও তাই রয়েছে।
সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকায় ঋণমান সূচকে অবস্থান পরিবর্তন হয়নি বলে দাবি করেন অর্থমন্ত্রী।
খুব শিগগিরই লেনদেন ভারসাম্য পরিস্থিতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল পর্যায়ে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মুহিত বলেন, রপ্তানি ও আমদানির ব্যবধানের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ পড়ছে এবং এ কারণে ধারাবাহিকভাবে ডলারের বিপরীতে টাকার দাম কমছে।
বৈদেশিক মুদ্রা বাজারে বিক্রির বিষয়ে তিনি বলেন, “প্রতিদিন আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।”
তিনি সতর্ক করে বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপজ্জনক পর্যায়ে নেমে গেলে অর্থনীতির ওপর তার বিরূপ প্রভাব পড়বে।
মন্ত্রী বলেন, বিনিয়োগ স্বল্পতা, ভর্তুকি ও মূল্যস্ফীতি দেশের অর্থনীতির প্রধান তিন সঙ্কট।
তিনি বলেন, “আমাদের সঞ্চয় সম্ভব হচ্ছে না বলে বিনিয়োগের জন্য বিদেশি অর্থ প্রয়োজন।”
ভর্তুকি কমানোর পক্ষে যুক্তি দেখিয়ে অর্থমন্ত্রী বলেন, “সাধারণত সম্পদশালীরাই ভর্তুকির বেশি সুবিধা পাওয়ায় সাধারণ মানুষের জন্য কম ভর্তুকি ভালো।”
শক্তিশালী গ্রামীণ অর্থনীতি ও কৃষিই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, বলেন কৃষিতে ভর্তুকি দিয়ে আসা বর্তমান সরকারের এই মন্ত্রী।
কৃষিতে ধারাবাহিকভাবে চার শতাংশ প্রবৃদ্ধি আসছে জানিয়ে তিনি বলেন, “কৃষিতে প্রবৃদ্ধি ধরে রাখতে পারলে দেশের উন্নয়ন নিয়ে বেশি চিন্তা করতে হবে না।”
বিদ্যুৎ খাতের সমস্যা অনেকাংশে লাঘব হয়েছে বলে দাবি করেন মন্ত্রী।
প্রক্রিয়াজাতকারণ ও রপ্তানি খাত নিয়ে তিনি বলেন, গত অর্থবছরে শিল্প খাতে প্রবৃদ্ধি ১০ শতাংশ ছাড়িয়েছে এবং রপ্তানিও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ২২ দশমিক তিন শতাংশ বিদেশি সহায়তা হওয়ায় বাংলাদেশ বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল কোনো দেশ নয়।
তিনি বলেন, বর্তমানে বিদেশি ঋণের মোট পরিমাণ ২ হাজার ২৩০ কোটি ডলারের কম হওয়ায় তা সহায়তানির্ভর দেশের শ্রেণীতে পড়ে না।
“এ কারণে বাংলাদেশ কম ঋণগ্রস্ত দেশ হিসেবে পরিচিত।”
তিনি বলেন, সাত থেকে আট শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে জিডিপির ৩০ থেকে ৩৫ শতাংশ বিনিয়োগ দরকার।
“বর্তমান পরিস্থিতিতে অভ্যন্তরীণ উৎস থেকে এ ধরনের বিনিয়োগ সম্ভব নয় এবং এ ক্ষেত্রে বিদেশি সহায়তা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি জানান, গত জুনে মাথাপিছু বিদেশি সহায়তার পরিমাণ ছিলো ১৬০ ডলার। আর ১৯৭২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মোট বিদেশি সহায়তার পরিমাণ ৫ হাজার ৫১৮ কোটি ডলার। এর মধ্যে ৩ হাজার ১৫৫ কোটি ডলার ঋণ এবং ২ হাজার ৩৬৩ কোটি ডলার অনুদান ছিল। আর বাংলাদেশ এ পর্যন্ত ৯০০ কোটি ডলারের বেশি শোধ করেছে।
মন্ত্রী বলেন, উন্নত দেশগুলো তাদের জিডিপির শূন্য দশমিক সাত শতাংশ বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার প্রতিশ্র“তি দেওয়ায় একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বিদেশি সহায়তা পাওয়ার দাবিদার।
“বিদেশি ঋণের পরিমাণ কমলে অভ্যন্তরীণ উৎস থেকে ধারের পরিমাণ বাড়ে এবং এ ক্ষেত্রে সুদের হারও বেশি হয়।”
অর্থমন্ত্রী জানান, নতুন ব্যাংক ও বীমা কোম্পানি অনুমোদন দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মুহিত জানান, জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলতি অর্থবছরের মোট এডিপির (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) মাত্র ২৮ শতাংশ বাস্তবায়ন হয়েছে।
চলতি অর্থবছরে এডিপির বরাদ্দ ৪৬ হাজার কোটি টাকার মধ্যে ১২ হাজার ৭০০ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি।
মুডির রেটিংয়ে বাংলাদেশ
দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে বিএ৩ এবং স্বল্পমেয়াদী ঋণের ক্ষেত্রে এ অবস্থান হয়েছে এনপি।
মুডি বলেছে, রেটিংয়ে বিএ৩ বলতে বাংলাদেশের অর্থনীতির সামর্থ্য বোঝানো হয়েছে। এ অর্থনীতি মাঝারি আকারের হলেও তুলনামূলক সঙ্কীর্ণ এবং কম আয়ের অর্থনীতি যা নিয়মিত প্রবৃদ্ধি, সামষ্টিক অর্থনীতির ভারসাম্য ও সরকারি নীতির স্থিতিশীলতার সাপেক্ষে ধরা হয়েছে।
অধিক রেমিটেন্স প্রবাহ এবং স্থানীয় ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহায়তা করেছে।
“অর্থনৈতিক পরিব্যাপ্তির ক্ষেত্রে দেশটির এ মডারেট ডিগ্রি বিদেশি ঋণ প্রদানের দিক থেকে স্বস্তিদায়ক অবস্থার প্রমাণ দেয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/২১০০ ঘ.
bdnews24