২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্য নিয়ে অভিযোগ জানাতে ওয়েবসাইট

পণ্য ও সেবা নিয়ে কোনো অভিযোগ থাকলে তা জানানো যাবে সরকারের নতুন চালু করা একটি ওয়েবসাইটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পণ্য ও সেবা নিয়ে কোনো অভিযোগ থাকলে তা জানানো যাবে সরকারের নতুন চালু করা একটি ওয়েবসাইটে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চালু করা এই ওয়েবসাইটে (www.dncrp.gov.bd) ভোক্তা অধিকার সম্পর্কে জানা যাবে। ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভা শেষে মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের ওয়েবসাইটটি উদ্বোধন করেন। কারওয়ান বাজারে টিসিবি ভবনের পরিষদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ ওয়েবসাইটে ভোক্তা অধিকার আইন ২০০৯, বিধিমালা, প্রবিধিমালা, ভোক্তা অধিকার পরিষদের বার্ষিক প্রতিবেদন ও বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তি পাওয়া যাবে। সভায় ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে প্রত্যেক বছর ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে বিভাগ ও জেলা পর্যায়ে সেমিনার, টিভি চ্যানেলে টক শো আয়োজন, দেশের সুপার মার্কেট ও হাটবাজারে ভোক্তাদের অধিকার বিষয়ে পোস্টার বা বিলবোর্ড স্থাপন এবং সংবাদপত্র ও টিভি চ্যানেলগুলোতে নিয়মিত প্রচার চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়। ভোক্তাদের অধিকার রক্ষায় দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে পরিষদের প্রতি আহ্বান জানিয়ে গোলাম কাদের বলেন, “কোথাও ভোক্তাদের অধিকার লংঘিত হলে তা কর্তৃপক্ষকে জানাতে হবে।” শুধু জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “ভোক্তাদের অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে হবে। অভিযোগ সংগ্রহ করে ব্যবস্থা নিতে হবে।” বাণিজ্য সচিব গোলাম হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিয়াসহ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, শিল্প মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঔষধ শিল্প সমিতি, কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৭৪৪ ঘ.