ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫০ শতাংশ বেতন বৃদ্ধিসহ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারীদের সিভিল সার্ভিস আইন-২০১০ এ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের একটি সংগঠন।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এ সময় সংগঠনটির সভাপতি মো. মাহফুজুর রহমান বলেন, ২০০৯ এর বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারীদের বেতন ১৫ শতাংশ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিলো। এরপর আর বাড়েনি।
“গ্যাস, বিদ্যুৎ, তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সীমিত আয়ের সরকারি কর্মচারীরা অতিকষ্টে জীবনযাপন করছে।”
প্রজাতন্ত্রের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের মতো প্রস্তাবিত সিভিল সার্ভিস আইন-২০১০ এ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অন্তর্ভুক্ত করে সরকারি কর্মচারী হিসাবে মর্যাদা অক্ষুণœ রাখার দাবিও জানান তিনি।
প্রস্তাবিত সিভিল সার্ভিস আইন ২০১০ এর ১৩ থেকে ২০ নম্বর গ্রেডের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বাদ রেখে কর্মচারী সঙ্কোচন নীতি বাস্তবায়নের পাঁয়তারা চলছে অভিযোগ করে তিনি বলেন, “এর ফলে চাকরির বর্তমান অবস্থা থেকে ৭৫ শতাংশ জনবল বিলুপ্ত হবে এবং সরকারি কর্মক্ষেত্রে প্রচলিত নিয়মে কর্মসংস্থান আশঙ্কাজনক হারে হ্রাস পাবে।”
দাবি আদায়ের সমর্থনে আগামী ১ ফেব্র“য়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত সব বিভাগ, জেলা এবং উপজেলায় কর্মচারী গণসংযোগ এবং ২৪ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে সংগঠনটি।
এর মধ্যে সরকারের কাছ থেকে সাড়া পাওয়া না গেলে সমিতির ঢাকা মহানগর প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে পরবর্তী ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/আরএম/পিডি/১৯২৬ ঘ.
bdnews24