চট্টগ্রাম, ২৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রাম বোট ক্লাবের জন্য নির্মিত পর্যটন জাহাজ ‘ওয়েস্টার্ন ক্রুজ’ হস্তান্তর করেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
রোববার দুপুরে কর্ণফুলীর মোহনায় চট্টগ্রাম বোট ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পর্যটন জাহাজটি হস্তান্তর করা হয়।
প্রায় আট কোটি টাকা ব্যয়ে নির্মিত ক্যাটামেরান পর্যটন জাহাজ ‘ওয়েস্টার্ন ক্রুজ’ বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে পর্যটনের কাজে ব্যবহার হবে বলে জানান নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
বিশেষভাবে নির্মিত জাহাজটি পর্যটকদের নিয়ে কর্ণফুলী নদী দিয়ে বন্দরের চ্যানেলে সোমবার থেকে দিনে দুবার (বিকেল সাড়ে ৪টা ও সকাল সাড়ে ৭টায়) চলাচল করবে।
অনুষ্ঠানে জানানো হয়, ৩২ মিটার দৈর্ঘ্য ও ৮ দশমিক ৪ মিটার প্রস্থের জাহাজটি দু’শ যাত্রী ধারণে সক্ষম। এতে বিনোদনের নানা সুবিধা ছাড়াও একটি সুদৃশ্য সভাকক্ষও রয়েছে।
জাহাজটিতে ভ্রমণকালে যাত্রীদের জন্য খাবারের সুবিধা ও শিশুদের জন্য আলাদা ‘কিডস কর্নার’ আছে। ওয়েস্টার্ন ক্রুজে বিভিন্ন অনুষ্ঠান ও সেমিনার আয়োজনেরও ব্যবস্থা থাকবে।
এ বোটে দক্ষ ও আর্ন্তজাতিক মানের ক্যাপ্টেন ও ক্রুরা থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান সোহাইল হাসান, ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএম/২০০২ ঘ.
bdnews24