চট্টগ্রাম, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কর্ণফুলী নদীতে চলাচলের উপযোগী পর্যটন জাহাজ তৈরি করেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
চট্টগ্রাম বোট ক্লাবের জন্য জাহাজটি নির্মাণ করা হয়েছে। রোববার আনুষ্ঠানিকভাবে ‘ওয়েস্টার্ন ক্রুজ’ নামে পর্যটন জাহাজটি হস্তান্তর করা হবে।
বিশেষভাবে নির্মিত জাহাজটি কর্ণফুলী নদী দিয়ে বন্দরের চ্যানেলে পর্যটকদের নিয়ে চলাচল করবে। এতে চড়ে পর্যটকরা কর্ণফুলী থেকে বন্দরনগরী চট্টগ্রামকে উপভোগ করতে পারবেন।
প্রায় আট কোটি টাকা ব্যয়ে নির্মিত ক্যাটামেরান পর্যটন জাহাজ ‘ওয়েস্টার্ন ক্রুজ’ বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে পর্যটনের কাজে ব্যবহার হবে বলে জানালেন নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, পর্যটন নগরী হলেও চট্টগ্রামে বিনোদনের সুযোগ সীমিত। নৌ-ভ্রমণের সুযোগের দিক বিবেচনা করে এ বিশেয়ায়িত পর্যটন জাহাজটি নির্মাণ করা হয়েছে। এতে বিনোদনের নানা সুবিধা ছাড়াও একটি সুদৃশ্য সভাকক্ষও রয়েছে। বিশেষায়িত এ বোটে দক্ষ ও আর্ন্তজাতিকমানের ক্যাপ্টেন ও ক্রুরা থাকবে।
তিনি বলেন, ৩১ দশমিক ৫ মিটার দৈর্ঘ্য ও ৮ দশমিক ৪ মিটার প্রস্থের জাহাজটির যাত্রী ধারণের ক্ষমতা দুইশ’।
শাখাওয়াত বলেন, চট্টগ্রাম বোট ক্লাব থেকে প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্ধারিত টাকার বিনিময়ে পর্যটকেররা এই বিশেষায়িত জাহাজে ভ্রমণ এবং সময় কাটানোর সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নৌবাহিনী পরিচালিত কর্ণফুলী নদী তীরে অবস্থিত চট্টগ্রাম বোট ক্লাবকে রোববার বেলা সাড়ে এগারটায় ওয়েস্টার্ন ক্রুজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ।
চট্টগ্রাম বোটক্লাব এ জাহাজের কার্যক্রম পরিচালনা করলেও সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেস লিমিটেড।
দেশের অন্যতম শীর্ষ জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, ওয়েস্টার্ন মেরিন বর্তমানে বিদেশী প্রতিষ্ঠানের জন্য ১৭টি এবং দেশীয় প্রতিষ্ঠানের জন্য ২৪টি জাহাজ নির্মাণ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৬১৭
bdnews24