চট্টগ্রাম, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক লাভালাভ বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি শনিবার এক গোলটেবিল আলোচনায় বলেছেন, “ট্রানজিটকে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে বিবেচনা না করে সরকার রাজনৈতিকভাবে বিবেচনা করলে বিএনপিও রাজনৈতিকভাবেই এর বিরোধিতা করবে।’
অর্থনৈতিক দিক থেকে লাভবান হলেই কেবল ভারতকে ট্রানজিট দেওয়া যেতে পারে বলে মনে করেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু।
সরকারকে সতর্ক করে তিনি বলেন, শুধু রাজনৈতিক বা অন্য কোনো বিবেচনায় ভারতকে ট্রানজিট দিলে জনগণ কোনোভাবেই তা মেনে নেবে না।
“সরকার অনেকগুলো সমস্যা ঝুলিয়ে রেখেই হঠাৎ ট্রানজিট দিতে চাচ্ছে। ফলে সরকারের এ সিদ্ধান্তের কারণে জাতীয় বিতর্কের সৃষ্টি হয়েছে,” বলেন আমীর খসরু।
কাজীর দেউড়ি ব্র্যাক মিলনায়তনে ‘ট্রানজিট-ট্রানশিপমেন্ট, বন্দর ও অবকাঠামো’ শীর্ষক গোলটেবিল আলোচনা আয়োজন করে ফোরাম ফর পিউপলস ভয়েজ (এফপিভি)।
এফপিভি’র সভাপতি ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম, বিআইডিএস ঢাকা’র জ্যেষ্ঠ রিসার্চ ফেলো ড. মুহাম্মদ ইউনুস ও চট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান প্রকৌশলী সুলতান মাহমুদ।
এতে আলোচনায় অংশ নেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিম, ইউএন-এসকাপ’র সাবেক পরিচালক ড. এম রহমত উল্লাহ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএম/এমআই/১৯০৫ ঘ.
bdnews24