২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া টিআইএন ধরতে ইসি-এনবিআর চুক্তি

ভুয়া তথ্য দিয়ে প্রতারণা ও কর ফাঁকি ঠেকাতে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ১০ বছর মেয়াদী চুক্তি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 03:41 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া তথ্য দিয়ে প্রতারণা ও কর ফাঁকি ঠেকাতে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ১০ বছর মেয়াদী চুক্তি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে দুই সংস্থার মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের এই সেবার ফলে এনবিআরের রাজস্ব আদায় বাড়ানো সম্ভব হবে, যা দারিদ্র বিমোচনেও ভূমিকা রাখবে। “এনবিবার শুধু রাজস্ব আদায় করে না; কর দাতাদের বিভিন্ন ধরনের সেবাও দিয়ে থাকে। আর এ সেবা দেওয়া হয় ট্যাক্স আইডেনিটিফিকেশন নম্বরের (টিআইএন) মাধ্যমে। কিন্তু বর্তমানে দেশে বহু ভুয়া টিআইএনধারী রয়েছে। এই তথ্য ভাণ্ডার ব্যবহারের মাধ্যমে তাদের খুঁজে পাওয়া যাবে।” বর্তমানে দেশে ৩০ লাখেরও বেশি টিআইএন রয়েছে। অন্যদিকে দেশের প্রায় সাড়ে আট কোটি ভোটারের অধিকাংশেরই হাতে বর্তমানে জাতীয় পরিচয়পত্র রয়েছে। এই তথ্য ভাণ্ডা ব্যবহারের বিষয়ে এনবিআরের সঙ্গেই প্রথম সমঝোতা স্মারক স্বাক্ষর করলো। ইসির সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে এনবিআরের পক্ষে ফার্স্ট সেক্রেটারি বাদিউল আলম ও পরিচয় নিবন্ধন অণুবিভাগের উপ সচিব মোহসীন আলী চুক্তিতে সই করেন। প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা অনুষ্ঠানে বলেন, “বর্তমান ইসির জন্য এটি একটি আনন্দের দিন। আমাদের এটা বড় প্রাপ্তি। ইসির কাছে ৮ কোটি ৬০ লাখ ভোটারের নির্ভুল তথ্য রয়েছে।” আরো ১০/১২টি প্রতিষ্ঠান এই তথ্য ভাণ্ডার ব্যবহারের জন্য চুক্তি করার আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি। এনবিআরের মহাপরিচালক (ট্যাক্সেস ইন্সপেকশন) কানন কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এনবিআরের সেবা গ্রহণকারীদের যথাযথ তথ্য যাচাইয়ে ইসির এ তথ্যভাণ্ডার ব্যবহার করা হবে। প্রাথমিকভাবে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) নেওয়ার সময় সংশ্লিষ্টদের জাতীয় পরিচয় নম্বর অনলাইনে যাচাই করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য কাজেও এর পরিধি বাড়ানো হবে। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আখতারুজ্জামান সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচন কমিশন অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ে জাতীয় পরিচয় নিবন্ধন প্রবিধানমালা চূড়ান্ত করেছে। এক্ষেত্রে এককালীন পাঁচ লাখ টাকা নিবন্ধন ফি ধার্য করা হয়েছে। এর আওতায় নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠান শুধু সুনির্দিষ্ট কোনো পরিচয়পত্র বৈধ কি না তা যাচাই করতে পারবে। এ সময় পরিচয়পত্রধারীর ছয়টি তথ্য-উপাত্ত (নাম, পিতা/স্বামী, মাতা, জন্মতারিখ, রক্তের গ্র“প ও ছবি) পাওয়া যাবে। এক বছর পরপর এক লাখ টাকা ফি দিয়ে এ চুক্তি নবায়ন করতে হবে। এছাড়া প্রতিটি পরিচয়পত্র যাচাইয়ের জন্য এক টাকা করে দিতে হবে। এককালীন, বার্ষিক ও মাসিক ভিত্তিকে এসব সার্ভিস চার্জ ইসির কাছে জমা দিতে হবে। ইসি কর্মকর্তারা বলছেন, এ সেবা চালু হলে জাল পরিচয়পত্র তৈরি করে বা ভুয়া পরিচয়ের মাধ্যমে যে কোনো ধরনের প্রতারণা ঠেকানো সম্ভব হবে। ভুল তথ্য দিয়ে প্রতারণাও রোধ হবে এতে। পাশাপাশি গ্রাহক সেবা দেওয়া যাবে দ্রুত। তথ্য যাচাইয়ে আগের মতো কয়েক সপ্তাহ অপেক্ষা করার প্রয়োজন হবে না। অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মোহাম্মদ সাদিক, ইসির জনসংযোগ পরিচালক এম আসাদুজ্জামান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও একই ধরনের চুক্তি হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৩৪০ ঘ.