ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচার, ভুয়া তথ্য দিয়ে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও অর্থনেতিক লেনদেনে অস্বচ্ছতা প্রতিরোধে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চুক্তি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে বাংলাদেশ ব্যাংক ও ইসির মধ্যে এই সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। এর আগে বুধবার জাতীয় রাজস্ব বোর্ডও ইসির সঙ্গে একই ধরনের চুক্তি করে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেন, “এ প্রক্রিয়া চালু হলে ঋণখেলাপিদের চিহ্নিত করা সহজ যাবে। একই সঙ্গে জাতীয় নির্বাচনে উপযুক্ত প্রার্থী নির্বাচনেও এ চুক্তি সহায়ক ভূমিকা রাখবে।”
তিনি জানান, ইসির এই তথ্য ভাণ্ডার ব্যবহার করে বেনামে একাধিক অ্যাকাউন্ট খোলার ফলে সৃষ্ট সমস্যার মোকাবিলা করা যাবে। সব প্রতিষ্ঠানের মাঝে সেবা দেওয়া সহজ হবে। শেয়ারবাজারে একাধিক বিও একাউন্ট খোলার প্রবণতাও রোধ করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, “এ চুক্তির মাধ্যমে ইসির তথ্য ভাণ্ডার ব্যবহার করে প্রকৃত উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা যাবে। মানি লন্ডারিং ও অর্থনৈতিক লেনদেনে অস্বচ্চতা প্রতিরোধ করা সহজ হবে।”
কেন্দ্রীয় ব্যাংকের সেবা গ্রহণকারীদের পরিচয় যাচাইয়ে অনলাইনে ইসির এই তথ্যভাণ্ডার ব্যবহার করা হবে।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বছরের চুক্তি করেছে ইসি। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংক তাদের চুক্তি নবায়ন করবে।
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আখতারুজ্জামান সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ে জাতীয় পরিচয় নিবন্ধন প্রবিধানমালা চূড়ান্ত করেছে ইসি। এক্ষেত্রে এককালীন পাঁচ লাখ টাকা নিবন্ধন ফি ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর ও পুলিশের বিশেষ শাখার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসে ইসি।
“সরকারি এ সংস্থাগুলো তাদের আগ্রহের কথা জানিয়ে ইসির কাছে প্রজেক্ট প্রপোজাল জমা দিয়েছে। সব কিছু বিবেচনা করে ইসি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে,” বলেন ব্রিগেডিয়ার জেনারেল আখতারুজ্জামান।
এর আওতায় নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠান শুধু সুনির্দিষ্ট কোনো পরিচয়পত্র বৈধ কি না তা যাচাই করতে পারবে। এ সময় পরিচয়পত্রধারীর ছয়টি তথ্য-উপাত্ত (নাম, পিতা/স্বামী, মাতা, জন্মতারিখ, রক্তের গ্র“প ও ছবি) পাওয়া যাবে। এক বছর পরপর এক লাখ টাকা ফি দিয়ে এ চুক্তি নবায়ন করতে হবে।
এছাড়া প্রতিটি পরিচয়পত্র যাচাইয়ের জন্য এক টাকা করে দিতে হবে। এককালীন, বার্ষিক ও মাসিক ভিত্তিকে এসব সার্ভিস চার্জ ইসির কাছে জমা দিতে হবে।
অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৯০৩ ঘ.
bdnews24