ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো একজন নারীসহ তিনজনকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের ব্যংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করে।
নতুন এই তিন ডেপুটি গভর্নর হলেন- বেগম নাজনীন সুলতানা, আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরী।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাজনীন সুলতানা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে অবসর নিয়েছিলেন। বাকি দুজন নির্বাহী পরিচালকের পদ থেকে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেলেন।
বাংলাদেশ ব্যাংকের চারজন ডেপুটি গভর্নরের মধ্যে তিনজন মাসখানেক আগে অবসরে গেলে পদগুলো শূন্য হয়। ওই শূন্য পদেই নতুন করে তিনজনকে নিয়োগ দেওয়া হলো।
“নতুন নিয়োগপ্রাপ্তরা বর্তমান ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম এবং দুজন ঊর্ধ্বতন পরামর্শকের সঙ্গে মিলে গভর্নরের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা টিম গঠন করবেন”, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান (গভর্নর সচিবালয়) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন পদে এই তিন জনকে তিন বছরেরর জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৪২০ ঘ.
bdnews24