২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক ফাঁকি, বেনাপোলে কোটি টাকার ফেব্রিক আটক

শুল্ক ফাঁকির অভিযোগে প্রায় এক কোটি টাকার ফেব্রিক আটক করেছে বেনাপোল শুল্ক কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 04:47 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

বেনাপোল, ২৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুল্ক ফাঁকির অভিযোগে প্রায় এক কোটি টাকার ফেব্রিক আটক করেছে বেনাপোল শুল্ক কর্তৃপক্ষ। মঙ্গলবার শুল্ক বিভাগের গোয়েন্দা শাখা-এসএজি (স্যাগ) এ দু’টি পণ্য আটক করে। পণ্য চালান দুটিতে ব্যাংক অনুমোদিত ইনভয়েজ প্যাকিং লিস্ট জাল করে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে বলে শুল্ক বিভাগের গোয়েন্দা শাখা নিশ্চিত হয়েছে। বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা এসএম কায়কোবাদ স্বাক্ষরিত একটি আটক প্রতিবেদনে বলা হয়েছে, এই ফেব্রিকের আমদানিকারক ঢাকার গ্রীন রোডের সানা স্যানিটারি এবং লালবাগের আরু বিজনেস সিস্টেম। সিএন্ডএফ এজেন্ট হচ্ছে হায়দার অ্যান্ড সন্স। এলসির মাধ্যমে ভারত থেকে ১৮ জানুয়ারি সিনথেটিক ফেব্রিকের দু’টি চালান আমদানি করে এ দু’টি প্রতিষ্ঠান। পণ্যের ওজন কম দেখিয়ে জাল আমদানির কাগজপত্র (ইনভয়েস ও প্যাকিং লিস্ট) শুল্ক বিভাগে জমা দেয় তারা। তার ভিত্তিতে কাপড়গুলো ছাড়ও করে দেয় শুল্ক কর্মকর্তারা। আমদানির মূল ইনভয়েসে পণ্যের পরিমাণ ৮,৯১১ দশমিক ৫০০ কেজি ও ৬,৪৯২ দশমিক ৫০০ কেজি। আর জাল কাগজে দেখানো হয় যথাক্রমে ৫,৬১২ দশমিক ৫০০ কেজি ও ৫,২১৬ দশমিক ৫০০ কেজি। এর মাধমে প্রায় ১৮ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়, বলেন এই কর্মকর্তা। বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার সাধন কুমার কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দু’টি চালানে ঘোষণার অতিরিক্ত পণ্য পাওয়ায় চালান দু’টি আটক করে আটকাদেশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে।” বেনাপোল শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ঘটনায় শুল্ক আইনের লঙ্ঘন হওয়ায় আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে বিচার শেষে জরিমানা হতে পারে। সিএন্ডএফ এজেন্টের লাইসেন্সও বাতিল করা হতে পারে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৩১ ঘ.