ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত বিভাগের এক হাজার ছয়টি ইউনিয়নকে ইন্টারনেটের আওতায় আনতে ‘অপটিক্যাল ফাইবার কেবল’ স্থাপন করবে সরকার।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ সংক্রান্ত প্রকল্প অনুমোদন পেয়েছে।
বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এ কে খোন্দকার সাংবাদিকদের বলেন, প্রকল্পটিতে মোট ব্যয় ধরা হয়েছে ৭১৯ কোটি টাকা। এর বাইরে আরো পাঁচটি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে।
‘অপটিক্যাল ফাইবার কেবল’ স্থাপন সংক্রান্ত প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, গ্রাম পর্যায়ে নির্ভরযোগ্য ও সহজলভ্য তথ্য যোগাযোগ ও প্রযুক্তিগত সুবিধা স¤প্রসারিত করার লক্ষে ৭টি বিভাগের ১০০৬টি ইউনিয়ন পরিষদে ১১০৬০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করা হবে।
আরো পাঁচ প্রকল্পে অনুমোদন
একনেকের বৈঠকে অপটিক্যাল ফাইবার কেবল প্রকল্প ছাড়া আরো পাঁচটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে- পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প। ৫৪১ কোটি টাকার এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পোস্ট অফিসগুলোকে উন্নত প্রযুক্তি, তথ্য ভাণ্ডার এবং ডিজিটাল ফটো স্টুডিওতে রূপান্তর করা হবে।
অনুমোদন পাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭৯ কোটি টাকা, কর্মসংস্থান ও আÍকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্প ১০০ কোটি টাকা, খাদ্য এবং জীবিকা নিরাপত্তা (এফএলএস) প্রকল্প ২২৩ কোটি টাকা এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চলে (বরিশাল ও পটুয়াখালী) বীজ বর্ধন খামার স্থাপন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৪৫ কোটি টাকা।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ একনেকের অন্যান্য সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য, মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/১৯৩২ ঘ.
bdnews24