চট্টগ্রাম, জানুয়ারি ২৩ (বিডিন্উিজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে কানাডা।
সোমবার সকালে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে আয়োজিত চেম্বার পরিচালকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আগ্রহের কথা জানান বাংলাদেশে কানাডার নতুন হাই কমিশনার হিদার ক্রুডেন।
বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতার আশ্বাস দিয়ে কানাডার হাই কমিশনার বলেন, বিশ্বমন্দা সত্ত্বেও কানাডা বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী।
বাংলাদেশে অধিক জনসংখ্যা চ্যালেঞ্জের কারণেই কানাডা শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার সহযোগিতা অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন তিনি।
পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তারাও এ দুটি খাতে বিনিয়োগ করবে বলে আশা প্রকাশ করেন হাই কমিশনার।
বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্যিক সুসম্পর্কের কথা উল্লেখ করে ক্রুডেন বলেন, ২০১০-২০১১ অর্থ বছরের ১০ মাসেই বাংলাদেশ ও কানাডার মধ্যে এক বিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্য লেনদেন হয়েছে।
চেম্বার সিনিয়র সহসভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, অহীদ সিরাজ চৌধুরী, মোরশেদ আরিফ চৌধুরী ও কানাডা হাই কমিশনের ট্রেড কমিশনার মর্তুজা আর তরফদার উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/১৭৫৪ ঘ.
bdnews24