২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তেল আমদানিতে অর্থ দিতে ব্যাংগুলোর অনীহা নেই’

জ্বালানি তেল আমদানির অর্থ যোগান দিতে ব্যাংকগুলো কোনো অনীহা প্রকাশ করছে না বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 05:54 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেল আমদানির অর্থ যোগান দিতে ব্যাংকগুলো কোনো অনীহা প্রকাশ করছে না বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, চলতি ২০১১-১২ অর্থবছরের ২২ জানুয়ারি পর্যন্ত সরকারি মালিকানাধীন তিন বাণিজ্যিক ব্যাংক জ্বালানি তেল আমদানির জন্য এলসি (ঋণপত্র) খুলতে বিপিসিকে প্রায় তিন হাজার কোটি টাকা দিয়েছে। আগামীতেও প্রয়োজন অনুযায়ী ব্যাংকগুলো টাকার যোগান দেবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ‘অর্থ সংকটে ব্যাংকগুলো জ্বালানি তেল আমদানির অর্থ যোগান দিচ্ছে না’ বিভিন্ন দৈনিক পত্রিকায় এ ধরনের সংবাদের পরিপেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের থেকে দেওয়া ব্যাখ্যায় এ কথা বলা হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ আসাদুজ্জামান রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জ্বালানি তেল আমদানির জন্য ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে অনীহা প্রকাশ করা হয়নি।” পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, “চলতি অর্থবছরের ২২ জানুয়ারি পর্যন্ত অর্থ্যাৎ ছয় মাস ২২ দিনে সরকারি মালিকানাধীন তিন বাণিজ্যিক ব্যাংক সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংক বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) মোট ৩৩ কোটি ৬০ লাখ ডলারের (প্রতি ডলার ৮৫ টাকা হিসেবে প্রায় তিন হাজার কোটি টাকা) ঋণপত্র খোলার সুবিধা দিয়েছে।” আগামীতে এ তিন ব্যাংক প্রয়োজন অনুযায়ী অর্থ যোগান দেবে বলে আশা করেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২২ জানুয়ারি পর্যন্ত জ্বালানি তেল আমদানির জন্য এলসি খুলতে বিপিসিকে ১৪ কোটি ৭০ লাখ ডলার ঋণ দিয়েছে সোনালী ব্যাংক। জনতা ব্যাংক দিয়েছে ১১ কোটি ৩০ লাখ ডলার। আর অগ্রণী ব্যাংক দিয়েছে ৭ কোটি ৬০ লাখ ডলার। বিপিসির তথ্য অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরে তেলের চাহিদা ছিল ৩৮ লাখ টন। চলতি ২০১১-১২ অর্থবছরে তা ৭০ লাখ টন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর কারণে গত এক বছরে জ্বালানি তেলের চাহিদা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২৩৫১ ঘ.