ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যিক ও সহযোগিতামূলক সম্পর্ক শক্তিশালী করতে বাংলাদেশে আবাসিক কার্যালয় খুলবে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) গ্র“প।
রোববার পররাষ্ট্রমন্ত্রী মিজারুল কায়েসের সঙ্গে এক বৈঠক শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন আইডিবি’র পরিচালক মোহাম্মদ জে আল-সাতি।
তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে এবং এখানে আমাদের কাজের পরিধি বাড়াতে একটি আবাসিক কার্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে আইডিবি ব্যবস্থাপনা পরিষদ।”
তিন থেকে ছয় মাসের মধ্যে ওই কার্যালয় খোলা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ ও আইডিবি’র মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক ৩৫ বছরের পুরোনো। মুসলিম রাষ্ট্রগুলোর এ সৌদিভিত্তিক উন্নয়ন সংস্থাটি বাংলাদেশকে প্রতি বছর ছয় দশমিক দুই বিলিয়ন ডলারের সহায়তা দিয়ে থাকে।
পদ্মা সেতু
পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন সহযোগি আইডিবি’র পরিচালক আল-সাতি জানান প্রকল্পটির ব্যাপারে আইডিবি বাংলাদেশ সরকার ও অন্যান্য অর্থায়ন সহযোগিদের সঙ্গে বিষয়টি আলোচনা করছে।
তিনি বলেন, “প্রকল্পটিতে অর্থায়ন করার ব্যাপারে আমরা (আইডিবি) প্রতিশ্র“তিবদ্ধ। আর সে কারণেই আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।”
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে গত অক্টোবরে অর্থায়ন স্থগিত করে। ফলে ঝুলে যায় দীর্ঘ প্রতিক্ষীত এই সেতুর নির্মাণ কাজ।
সরকার এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করলেও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া হয়। ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ওবায়দুল কাদেরকে। এরপর পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন নিয়ে ঋণদাতা সংস্থাগুলোর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়।
গত ১১ জানুয়ারি বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে আশা প্রকাশ করেন, অর্থায়নের বিষয়ে দু-এক সপ্তাহের মধ্যে ইতিবাচক ফল পাওয়া যেতে পারে। অর্থমন্ত্রীও একই রকম মন্তব্য করেন।
বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসর পর পদ্মা সেতু নির্মাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। এরই মধ্যে মূল সেতু, নদীশাসন ও সংযোগ সড়কের নকশা চূড়ান্ত করা হয়েছে।
সরকারের দাবি, এ সেতু নির্মাণ হলে জিডিপি ১ দশমিক ২ শতাংশ বাড়বে। দরিদ্র্য কমবে দশমিক ৮৪ শতাংশ।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার কথা রয়েছে। বাকি অর্থের যোগান দেবে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/পিডি/২২৪০ ঘ.
bdnews24