২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শুরুতে ব্যাপক দরপতন

পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে গত সপ্তাহজুড়ে ‘বিভ্রান্তির’ পর রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক কমেছে ২৩৬ পয়েন্ট। প্রতিবাদে ডিএসইর সামনে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 05:40 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে গত সপ্তাহজুড়ে ‘বিভ্রান্তির’ পর এ সপ্তাহের প্রথম দিনই ব্যাপক দরপতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। রোববার লেনদেন শুরুর পর প্রথম পাঁচ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ৬০ পয়েন্ট বাড়ে। এরপর সূচক নিচের দিকে নামতে শুরু করে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক ৪ দশমিক ৭৮ শতাংশ বা ২৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৭০৯ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে ২৮৫ কোটি টাকার শেয়ার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমেছে ২৪৬টির। বেড়েছে ৭ টির এবং অপরিবর্তিত আছে ৩টির দাম। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেছে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা। টানা দরপতনের জন্য ডিএসই কর্তৃপক্ষ, অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে দায়ী করে তাদের বিরুদ্ধে নানা শ্লোগান দেয় তারা। পুঁজিবাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবিতে মাইকে বক্তব্য রাখেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা। লেনদেন শেষে মিছিল নিয়ে শাপলা চত্বর পর্যন্ত মিছিল করে আবার ডিএসই ভবনের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এ সময় অনেকেই ঝাড়ু হাতে বিক্ষোভ দেখায়। অবরোধের কারণে দুপুর দুইটা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত ডিএসইর সামনের রাস্তায় যানচলাচল বন্ধ থাকে। বিক্ষোভকারীরা পুঁজিবাজারে কালোটাকা নিয়ে সম্প্রতি এনবিআরের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করার দাবি জানায়। আইন পরিবর্তন করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেয়ারবাজারে বিনিয়োগ করার সুযোগ দেওয়ারও দাবি জানায় তারা। রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৫৯৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৬০২ পয়েন্টে দাঁড়িয়েছে। বাছাই সূচক (সিএসসিএক্স) ৩৩৮ পয়েন্ট কমে ৮ হাজার ৭৭০ পয়েন্ট হয়েছে। লেনদেন হওয়া ১৮৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমেছে ১৬৮টির। বেড়েছে ১৫ টির এবং অপরিবর্তিত আছে ২টির দাম। টানা দরপতনের পর গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সূচক বেড়েছিল পুঁজিবাজার। ওই দিন ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ২৫০ পয়েন্ট। লেনদেন হয় ৩২১ কোটি টাকার শেয়ার। বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৬৫২ পয়েন্ট বাড়ে। বাছাই সূচক (সিএসসিএক্স) বাড়ে ৩৮১ পয়েন্ট। তবে পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিনিয়োগ করার সুযোগ ‘বিভ্রান্তির’ মধ্যে গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক দুটোই কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে (১৫ থেকে ১৯ জানুয়ারি) চার কার্যদিবসে সাধারণ সূচক ১৬৭ পয়েন্ট বা ৩ দশমিক ২৮ শতাংশ কমে। ডিএসইতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩০০ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৩৪ শতাংশ কম। বুধবার সন্ধায় ফটকা ব্যবসায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিনিয়োগে নিষেধের কথা স্মরণ করিয়ে পরিপত্র জারির দুই ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে আবার সংশোধিত আকারে তা পুনরায় জারির কথা বলে সরকার। অথচ সেদিন সকালেই নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, মন্ত্রিসভার সোমবারের বৈঠকে সরকারি কর্মকর্তাদের শেয়ারবাজারে বিনিয়োগ করতে বাধা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রেসব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে বলেন, “সরকারি দায়িত্ব পালনের অবস্থানে থেকে এই ধরনের (পুঁজিবাজারে) ব্যবসা-বাণিজ্য করা সমীচীন নয়।” দেশে প্রচলিত আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের লাভজনক কর্মকাণ্ডে জড়িত থাকার সুযোগ না থাকলেও আইনের ফাঁক দিয়ে পুঁজিবাজারে তারা বিনিয়োগ করে আসছেন। এ বক্তব্যের ‘নেতিবাচক’ প্রভাব বাজারের পড়ার শঙ্কার কথা জানিয়ে মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজার কর্তৃপক্ষই লেনদেন বন্ধ করে দেয়। বুধবার দেশের দুই পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়। তার আগের সপ্তাহেও ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক কমেছিল। ওই সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ৩৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমে। ওই সময় ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫৯ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৩৩ শতাংশ কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৫৪৯ ঘ.