চট্টগ্রাম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাফেক্সপো-২০১২ এর ফ্যাশন শোকে কেন্দ্র করে শনিবার সকালে বোমা হামলার হুমকিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে হয় তিন দিনব্যাপী দশম কাফেক্সপো প্রদর্শনী। এখানে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেখানে তল্লাশি চালালেও কোনো বোমা পায়নি।
সকালেই বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরীর মোবাইলে বোমা হামলার হুমকি দিয়ে এসএমএস পাঠানো হয় বলে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, তল্লাশি চালিয়ে সেখানে সন্দেহমূলক কিছু পাওয়া যায়নি।
বিকালে ওই স্থানে কাফেক্সপো’র সমাপনী অনুষ্ঠান ও ফ্যাশন শো নিয়মিতভাবেই হয়।
তবে অনুষ্ঠানস্থলে কঠোর নিরাপত্তার অংশ হিসেবে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। গত বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী জিএম কাদের তিন দিনের কাফেক্সপো উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/২০০৫ ঘ.
bdnews24