চট্টগ্রাম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনৈতিক উন্নয়নে হরতাল-ভাংচুরসহ বিভিন্ন সাংঘর্ষিক রাজনীতি থেকে সরে আসা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রামে এক অনুষ্ঠানে শনিবার তিনি বলেন, “দেশে একটি শক্তিশালী অর্থনীতি গড়তে হলে সবার মধ্যে একটা ঐকমত্য থাকতে হবে। বিগত দিনের রাজনীতি ভুলে যেতে হবে। মেজর ইকোনোমিক ইস্যুতে হরতাল-ভাংচুর এসব সাংঘর্ষিক রাজনীতি থেকে সরে আসতে হবে।”
চট্টগ্রামমুখী রোড মার্চ এবং বন্দনগরীর পলোগ্রাউন্ডে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জনসভার মাধ্যমে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করে দেখিয়েছে বলেও মন্তব্য করেন চট্টগ্রাম বিএনপির সভাপতি আমীর খসরু।
তিনি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে দশম কাফেক্সপোর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন।
সাবেক এ বাণিজ্যমন্ত্রী বলেন, “প্রতিবাদের ভাষা যেন সাংঘর্ষিক না হয়, উচ্ছৃঙ্খল না হয় সেদিকে খেয়াল রেখে দেশের মানুষকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের সুযোগ করে দিতে হবে।”
বিজিএমইএ’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, কাফেক্সপো’র চেয়ারম্যান এস এম আবু তৈয়ব প্রমুখ বক্তব্য দেন।
এবারের প্রদর্শনীতে ৬৫টি স্টলে ৩৫টি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশ নেয়। গত বৃহস্পতিবার এ প্রদর্শনী শুরু হয়। এছাড়া প্রতিদিন দেশীয় প্রতিষ্ঠানের উৎপাদিত পোশাকের প্রদর্শনীও করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/১৯৫৮ ঘ.
bdnews24