ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির শর্ত পূরণ সাপেক্ষে সীমিত আকারে চিনি রপ্তানির পক্ষে মত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে চিনি পরিশোধনকারী শিল্পমালিকদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য সচিব গোলাম হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, “দেশে বর্তমানে চিনি উৎপাদন ক্ষমতা ৩৩ লাখ মেট্রিক টন। কিন্তু চাহিদা ১৫ লাখ মেট্রিক টন। শিল্পমালিকরা ক্ষমতার তুলমায় মাত্র ৪০ শতাংশ চিনি উৎপাদন করতে পারছে। শতভাগ উৎপাদনে না যেতে পারায় তারা লোকসানে পড়েছে।
“এ কারণে চিনির দামও বাড়ছে। তাই চিনির দাম নাগালের মধ্যে রাখতে সীমিত আকারে চিনি রপ্তানি হতে পারে বলে মনে করে বাণিজ্য মন্ত্রণালয়।”
বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ সরকারের কাছে পাঠানো হবে বলে জানান সচিব।
গত বছরের অক্টোবর মাসে ব্যবসায়ীরা চিনি রপ্তানিতে সরকারের কাছে অনুমতি চেয়েছিল। তখন সরকার তাদের বলেছিল, দেশের বাজারে দাম স্থিতিশীল হলেই রপ্তানির অনুমতি দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮২৯ ঘ.
bdnews24