২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি খাতের বিকাশে জোর দিন: অ্যান্ড্রু মিশেল

বেসরকারি খাতের বিকাশে আরো গুরুত্ব দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যান্ড্রু মিশেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 05:02 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতের বিকাশে আরো গুরুত্ব দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যান্ড্রু মিশেল। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, “দিনশেষে গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পদ সৃষ্টি, প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং এগুলো অর্জনের একটি গুরুত্বপূর্ণ পথ হলো বেসরকারি খাতকে শক্তিশালী করা।” শনিবার ঢাকা পৌঁছে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র ও অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং বাংলাদেশে যুক্তরাজ্যের অর্থ সহায়তায় চলমান কয়েকটি প্রকল্প ঘুরে দেখেন মিশেল। আগামী বছরগুলোতে বাংলাদেশে তার দেশের সহায়তার পরিমাণ বাড়াবে বলেও আশস্ত করেছেন ব্রিটিশ মন্ত্রী। তিনি বলেন, “চলতি বছর ও আগামী তিন বছরে সহায়তার পরিমাণ বাড়িয়ে একশ’ কোটি পাউন্ড করা হয়েছে।” প্রধানত মৌলিক সেবা, বেসরকারি খাতের উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এই অর্থ ব্যয় কর হবে বলে জানান তিনি। সন্ত্রাসবাদ গত তিন বছরে বাংলাদেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা যায়নি উল্লেখ করে মিশেল বলেন, “এটা অনেক বড় আস্থার জায়গা যে, বাংলাদেশ সন্ত্রাসবাদ থেকে মুক্ত হয়েছে।” তিনি বলেন, এক সময় বাংলাদেশে সন্ত্রাসীরা ব্রিটিশ হাই কমিশনারের ওপর হামলা করেছিলো। কিন্তু গত তিন বছরে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি। ২০০৪ সালে সিলেটে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। সে হামলায় সামান্য আঘাত পেয়ে প্রাণে বেঁচে যান বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ কূটনীতিক। “সোমালিয়া ও নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। তবে বাংলাদেশে এই ধরনের কোনো সন্ত্রাসবাদ দেখা যায় না,” বলেন মিশেল। এ সময় গ্রামীণ ব্যাংক ও এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসকে নিয়েও কথা বলেন ব্রিটিশ মন্ত্রী। তিনি বলেন, নারীর অর্থনৈতিক মুক্তিতে ভূমিকার জন্য অধ্যাপক ইউনূস ও গ্রামীণ ব্যাংকে তার ও তার সরকারের সমর্থন রয়েছে। “কোটি নারীকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়ার জন্য অধ্যাপক ইউনূস ও গ্রামীণ ব্যাংকের আমি একজন কট্টর সমর্থক। এ নোবেল বিজয়ীর জন্য বাংলাদেশের গর্ব করা উচিত।” এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে কথা বলেছেন। “আমি তাকে বলেছি যে, গরীবের মধ্যে যারা আরো গরীব তাদের সহায়তার ক্ষেত্রে অধ্যাপক ইউনূসের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বর্তমানে গ্রামীণ ব্যাংকের ৮৩ লাখ গ্রাহক আছে এবং তাদের ৯০ শতাংশই নারী। পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টির সঙ্গে একমত পোষণ করেছেন।” গ্রামীণ ব্যাংক থেকে ইউনূসের বিদায় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এদেশের কিছু নিয়ম-নীতির কথা বলেছেন এবং আমরা তা মেনে নিয়েছি।” বাংলাদেশে যুক্তরাজ্যের সহায়তা নিয়ে এই প্রতিমন্ত্রী বলেন, এটা করদাতাদের অর্থ হওয়ায় অবশ্যই এর একটা ফল আসতে হবে। “ব্রিটেন নিজেই অর্থনৈতিক সমস্যায় আছে। তারপরেও আমরা বাংলাদেশকে সহায়তা প্রদানে আমাদের প্রতিশ্র“তি পালন করছি,” বলেন তিনি। তবে এ অর্থের বিনিময়ে ফল আসতে এবং প্রতিটি পাউন্ড ব্যয়ের হিসাব থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, “বিভিন্ন প্রকল্পে ব্যয় হওয়া করদাতাদের অর্থের অবশ্যই ফল থাকতে হবে।” খুলনা সফরের সময় মিশেল অতি দরিদ্র ও জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা মানুষের সঙ্গে দেখা করেন। এ সময় ঘুরে দাঁড়ানোর জন্য যে সব নারী ঋণ নিয়ে ক্ষুদ্র ব্যবসা শুরু করেছেন তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২৩০২ ঘ.