ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় বিএনপি নেতা মওদুদ আহমদ হাইকোর্ট থেকে দুই মাসের আগাম জামিন পেয়েছেন।
মওদুদ সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও শহিদুল করিমের বেঞ্চে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে।
আদালতে মওদুদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশন শাহ মোহাম্মদ ইত্তেদা হাসান গত রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়েছে, মওদুদ ১৯৯৬-৯৭ এবং ১৯৯৯-২০০৬ করবর্ষে ২৭ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৭৮ টাকা আয়ের তথ্য গোপন করে ৬ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৮৪৫ টাকা কর ফাঁকি দিয়েছেন।
পরে শুনানি শেষে জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক আগামী ৭ ফেব্র“য়ারি মওদুদকে আদালতে হাজির হওয়ার আদেশ দেন।
এ মামলায় মোট ৮ জনকে সাক্ষী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৩০৫ ঘ.
bdnews24