ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ খাতের তিনটি প্রকল্পে আগ্রহ দেখিয়েছে মালয়েশীয় প্রতিষ্ঠান।
রোববার মন্ত্রণালয়ে মালয়েশীয় প্রতিষ্ঠান গুনুং ক্যাপিটাল বিএইচটি কেএলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সড়ক বিভাগের সচিব এমএএন সিদ্দিক এ তথ্য জানান।
প্রকল্প তিনটি হলো, মদনপুর-ভূলতা-জয়দেবপুর ও বালিয়ারপুর-রুহিতপুর-বোরভিটা সড়ককে চার লেনে উন্নীতকরণ এবং ডেমরা-টঙ্গী সড়ক নির্মাণ।
এ তিনটি প্রকল্প সরকারি বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) হবে বলে জানান এমএএন সিদ্দিক।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ওই বৈঠকে মালয়েশীয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দাতো সায়েদ আবু হোসেনের নেতৃত্বে ৮ সদস্যর প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
এক সপ্তাহের মধ্যে ওই প্রতিষ্ঠান তিনটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করবে- এ তথ্য জানিয়ে সচিব এমএএন সিদ্দিক বলেন, “আগামী ২৯ জানুয়ারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এ বিষয়ে তাদের প্রস্তাব দেবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৮২৯ ঘ.
bdnews24