২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কেন্দ্রীয় ব্যাংকে সব কাজ অটোমেটেড হবে ’

বাংলাদেশ ব্যাংকের সব কার্যক্রম ‘কাগজবিহীন’ করতে কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 03:33 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের সব কার্যক্রম ‘কাগজবিহীন’ করতে কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন গভর্নর আতিউর রহমান। তিনি বলেছেন, “এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের সব কর্মকাণ্ড হতে হবে অটোমেটেড (কম্পিউটারাইজড)। সব বিভাগের কর্মকর্তাদের সম্পূর্ণ অটোমেটেড পরিবেশে কাজ করতে হবে। বাংলাদেশ ব্যাংককে ‘পেপারলেস’ প্রতিষ্ঠানে পরিণত করে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।” বাংলাদেশ ব্যাংকের দু’দিনব্যাপী ‘স্ট্র্যাটেজিক প্ল্যানিং’ কর্মশালায় গভর্নর এ আহ্বান জানান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এএফএম আসাদুজ্জামান। দুদিনব্যাপী এ কর্মশালা সাভারের ব্র্যাক সিডিএমে শনিবার শেষ হয়। কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক এবং তাদের উপরের পদের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন। এবারের কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল ‘স্ট্রেনদেনিং লিডারশিপ’। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের ভাল কাজগুলো জনগণকে সহজবোধ্য করে অবহিত করার বিষয়ে সচেষ্ট থাকতে ব্যাংকের কর্মকর্তাদের প্রতি গভর্নর আহ্বান জানান। তিনি বলেন, “অনেক সময় আমরা কী কাজ করি তা অপরের কাছে বোধগম্য হয় না। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের যথাযথ কমিউনিকেশন স্কিল উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক জটিল বিষয়গুলো সাধারণ জনগণের কাছে সহজবোধ্য করে উপস্থাপন করতে হবে।” কর্মশালায় ২০১০ সালে অনুষ্ঠিত কর্মশালায় গৃহীত স্ট্র্যাটেজিগুলোর উপর অর্জিত অগ্রগতি ও তা অর্জনে বাধাগুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয়। ব্যাংকের সব বিভাগের কাজ ১০টি গ্র“পে বিভক্ত করে বিভাগগুলোর কর্মপরিকল্পনার আঙ্গিকে অর্জন ও চ্যালেঞ্জগুলো কর্মশালায় উপস্থাপন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাসেম ও নির্বাহী পরিচালক আহসান উল্ল্যাহ, গভর্নরের জ্যেষ্ঠ পরামর্শক আল্লাহ মালিক কাজেমী, জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা হাসান জামান, আইএমএফ’র ব্যাংক সুপারভিশন এক্সপার্ট গ্লেন টাস্কি, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ ও নাট্য ব্যক্তিত্ব আলী যাকের কর্মশালার বিভিন্ন পর্যায়ে বক্তব্য দেন। কর্মশালার প্রথম দিন ইব্রাহীম খালেদ লিডারশীপ বিষয়ে একটি সেশন পরিচালনা করেন। দ্বিতীয় দিনে আলী যাকের কমিউকেশন্স স্কিল ডেভলপমেন্ট বিষয়ে সেশন পরিচালনা করেন। কর্মশালায় বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মূল্যস্ফীতি, সুদহার ও বিনিময় হার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অর্থনীতির এ সব সূচক বহির্বিশ্বের ঘটনাবলীর সঙ্গে সম্পর্কযুক্ত বলেও অভিমত ব্যক্ত করা হয়। আলোচনা হয় খাদ্য ও জ্বালানি তেল বহির্ভূত ‘কোর’ মূল্যস্ফীতির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। স্ট্র্যাটেজিক প্ল্যান ২০১০-২০১৪ বাস্তবায়নে করণীয় নির্ধারণের মাধ্যমে দুদিনব্যাপী এই কর্মশালা শেষ হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ২০১০ সালে পাঁচ বছর মেয়াদি (২০১০-১৪) কর্মপরিকল্পনা গ্রহণ করে কেন্দ্রীয় ব্যাংক। সে পরিকল্পণা বাস্তবায়নের কৌশল ঠিক করতেই দুদিনের এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২১৩২ ঘ.