ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৯২ কোটি ২০ লাখ ডলার সহায়তা দেবে ইউএসএইড।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ সংস্থার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন ইউএসএইডের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি রিচার্ড গ্রিন।
তিনি বলেন, “আশা করছি এ পরিমাণ সহায়তা দেওয়া হবে। তবে বিষয়টি যুক্তরাষ্ট্র কংগ্রেসের ওপর নির্ভর করবে। প্রতি বছর সহায়তার পরিমাণ তারাই নির্দিষ্ট করে দেয়।”
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ১৯৬১ সালে ইউএসএইড প্রতিষ্ঠা করেন।
গ্রিন জানান, ২০১১ সালে ইউএসএইড বাংলাদেশের কৃষি, সরকার ব্যবস্থা, গণতন্ত্র, স্বাস্থ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ১৮ কোটি ডলার দিয়েছে।
“২০১২-১৬ মেয়াদে আমরা ৯২ কোটি ২০ লাখ ডলারের তহবিল পাওয়ার আশা করছি,” বলেন তিনি।
গ্রিন বলেন, ইউএসএইডের লক্ষ্য বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পৌঁছাতে সহায়তা করা এবং এদেশের তিনটি ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখা।
এ পরিকল্পনার আওতায় স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে ইউএসএইড।
খাদ্য নিরাপত্তা কর্মসূচিতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আনুমানিক ৭০ লাখ কৃষক, ভূমিহীন, বেসরকারি উদ্যোক্তা ও অন্যান্যকে তাদের খাদ্য নিরপত্তা ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সহায়তা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/০০২০ ঘ.
bdnews24