২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকিং খাতে মালয়শিয়ার বিনিয়োগ চান মুহিত

ব্যাংকিং খাতে বিনিয়োগ করতে মালয়শিয়ার উদ্যোক্তাদের অনুরোধ জানিয়েছিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 06:05 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকিং খাতে বিনিয়োগ করতে মালয়শিয়ার উদ্যোক্তাদের অনুরোধ জানিয়েছিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে মালয়েশিয়ার অন্যতম বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান গুনুংয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান অর্থমন্ত্রী। পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গুনুং ক্যাপিটাল বারহাডের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো সাইদ আবু হোসাইন বিন হাফিজ সৈয়দ আব্দুল ফাসাল। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশের ব্যাংকিং খাত খুবই ভালোভাবে কাজ করছে। সমস্যা মূলধনের।” ব্যাংকগুলোর মূলধন বাড়াতে মালয়শিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। এ সময় গভর্নর বলেন, “বাংলাদেশ ব্যাংক কয়েকটি নতুন ব্যাংক অনুমোদন দিতে যাচ্ছে। এ সব ব্যাংকে বিনিয়োগ করা যেতে পারে।” এ প্রসঙ্গে তিনি বেসরকারি খাতের ওরিয়েন্টাল ব্যাংকে মালয়শিয়ার একটি প্রতিষ্ঠানের বিনিয়োগের কথা বলেন। এছাড়া অর্থমন্ত্রী বিদ্যুৎ ও রেল যোগাযোগ খাতে বিনিয়োগ করতে মালয়শিয়ার ব্যবসায়ীদের আহ্বান জানান। বৈঠকে মালয়শিয়ান গুনুং গ্র“পের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, “প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতাদের পূর্বপুরুষরা বাংলাদেশি বংশোদ্ভূত। এর প্রধান নির্বাহী কর্মকর্তা ২৫ বছর আগে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।” রাজধানীতে আধুনিক বাস চালুর বিষয়ে মালয়শিয়ার ব্যবসায়ীদের আগ্রহের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “এ মুহূর্তে ঢাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা এসব বাস ধারণ করার মতো উপযোগী নয়। তবে দ্বি-তল সড়ক চালু হলে কোনো সমস্যা হবে না।” গুনুংয়ের অর্থায়নে প্রচুর বাস মালয়শিয়ার রাস্তায় চলাচল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/০০০৫ ঘ.