২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রণালয়ের সুপারিশ প্রত্যাখ্যান বিটিআরসি’র

টেলিযোগাযোগ সংক্রান্ত তিন ধরনের লাইসেন্স মূল্যায়ন কমিটিতে বিশেষজ্ঞ রাখতে সংসদীয় কমিটি ও মন্ত্রণালয়ের করা সুপারিশ প্রত্যাখান করেছে বিটিআরসি। জানাচ্ছেন শামীম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 05:49 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিযোগাযোগ সংক্রান্ত তিন ধরনের লাইসেন্স মূল্যায়ন কমিটিতে বিশেষজ্ঞ রাখতে সংসদীয় কমিটি ও মন্ত্রণালয়ের করা সুপারিশ প্রত্যাখান করেছে বিটিআরসি। নতুন করে দেওয়ার ক্ষেত্রে বিটিআরসির আবেদনপত্র মূল্যায়ন কমিটিতে বিশেষজ্ঞ নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দেওয়া চিঠির জবাবে সংস্থাটি বলেছে, এ ক্ষেত্রে তাদের বাইরের কাউকে প্রয়োজন নেই। ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ), ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) লাইসেন্স মূল্যায়ন কমিটিতে মন্ত্রণালয়ের এক জন এবং বুয়েটের দুই জন বিশেষজ্ঞকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের পর এ বিষয়ে চলতি সপ্তাহে বিটিআরসিকে চিঠি দেয় মন্ত্রণালয়। জবাবে বৃহস্পতিবার বিটিআরসি বলেছে, আইনগতভাবেই সংসদীয় কমিটি ও মন্ত্রণালয়ের সুপারিশ গ্রহণ করা সম্ভব নয়। বিটিআরসির বক্তব্যের বিষয়টি নিশ্চিত করে সংস্থার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনের মাধ্যমে বিটিআরসিকে লাইসেন্সের আবেদন মূল্যায়নের ক্ষমতা দেওয়া আছে। এখানে বাইরের কোনো বিশেষজ্ঞের প্রয়োজন নেই।” বিটিআরসি এ পর্যন্ত নানা ধরনের আটশর বেশি লাইসেন্স দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেক্ষেত্রে কারো সাহায্য নিতে হয়নি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় অবশ্য বলেছে তারা এখনো এ চিঠি পায়নি। মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার বিকেল ৪টায় পর্যন্ত এ ধরনের কোনো চিঠি মন্ত্রণালয়ে পৌঁছায়নি।” চিঠি পেয়ে এ বিষয়ে তিনি মন্তব্য করবেন বলে জানান টেলিকম সচিব। ২০১০ সালে পাশ হওয়া বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) আইনের মাধ্যমে টেলিযোগাযোগ সম্পর্কিত লাইসেন্স দেওয়ার ক্ষমতা বিটিআরসির কাছ থেকে মন্ত্রণালয়ের কাছে চলে যায়। এ নিয়ে বিটিআরসি ও মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এই আইনে বলা হয়, টেলিযোগাযোগ সম্পর্কিত লাইসেন্সের জন্য বিটিআরসির কাছে আবেদন করতে হবে। বিটিআরসি সরকারের অনুমোদন নিয়ে লাইসেন্স ইস্যু করবে। ‘আবেদনকারীরা অভিযোগ আনতে পারে’ বিটিআরসি আইন বর্হিভূতভাবে লাইসেন্স আবেদন মূল্যায়নে বাইরের বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করে হলে নানা সমস্যা হবে বলে মন্তব্য করেন বিটিআরসি চেয়ারম্যান। তিনি বলেন, “আবেদনকারীরা লাইসেন্স পাওয়ার পর অভিযোগ আনতে পারে যে মূল্যায়ন আইনগতভাবে হয়নি। ভবিষ্যতে এ নিয়ে আদালতের দারস্থ হতে পারেন লাইসেন্সপ্রাপ্তরা।” আইজিডব্লিউ, আইসিএক্স, আইআইজি লাইসেন্সে পেতে গত ৮ ডিসেম্বর আবেদন করা একশ ৫৩টি প্রতিষ্ঠানের আবেদন মূল্যায়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে উল্লেখ করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, “যে কোনো সময় রেটিং শেষ করে তা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। তবে এবার মূল্যায়নের পর কোনো সংক্ষিপ্ত তালিকা করা হবে না, রেটিং অনুসারে সবগুলো কোম্পানির তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে বিটিআরসি। পরে তার ওপর ভিত্তি করে মন্ত্রণালয় লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেবে।” বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্স বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রণালয়ে পাঠানো বিটিআরসির চিঠিতে বলা হয়েছে, আবেদন মূল্যায়নে প্রযুক্তিগতভাবে বিটিআরসি স্বয়ংসম্পূর্ণ। তাদের বাইরের কাউকে প্রয়োজন নেই। “টেলিযোগাযোগ আইনের ৩৬ ধারা অনুসারেও এটি করার সুযোগ নেই। বরং এর ব্যতয় ঘটলে তখন অন্য অনেকের পক্ষে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ তৈরি হবে,” বলেন এই কর্মকর্তা। বর্তমানে কয়েকটি প্রতিষ্ঠান আইসিএক্স, আইজিডব্লিউ ও আইআইজি লাইসেন্স নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত ২০ অক্টোবর আরো কয়েকটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিটিআরসি। আইসিএক্স হলো বিভিন্ন ভয়েস অপারেটরের মধ্যে আন্তঃসংযোগের ব্যবস্থা। বর্তমানে সব ভয়েস অপারেটর তিনটি আইসিএক্সের (বিটিসিএল, গেটকো ও আরএমএন্ডএইচ) সঙ্গে যুক্ত। আইসিএক্সগুলো আন্তর্জাতিক কলগুলো আদান-প্রদানের জন্যে আইজিডব্লিউর সঙ্গে সংযুক্ত থাকে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল), মীর টেলিকম, নভোটেল, বাংলা ট্র্যাক আইজিডব্লিউ সেবা দেয়। বর্তমানে আইআইজি সেবা দিচ্ছে ম্যাংগো এবং সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল)। বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে ব্যান্ড উইডথ বিক্রি করা এ সার্ভিসের মূল কাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২৩৪৬ ঘ.