ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় ১৮টি নদী-খালে বাঁধ তৈরির বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
বৃহস্পতিবার আইনজীবী মুশফিকুর রহমান তুহিন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন। আগামী রোববার এর শুনানি হতে পারে বলে জানান তিনি।
রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন (২০০০), বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন (১৯৯৫) ও বিআইডব্লিউটিএ অধ্যাদেশ (১৯৫৮) এবং ড্রেনেজ ব্যবস্থাপনা অ্যাক্ট (১৯৫২) লঙ্ঘন করে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীসহ ১৮টি নদী ও খালে বাঁধ তেরি করে পানির স্বাভাবিক গতি প্রবাহ রোধ করা হয়েছে।
“আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত ভারতকে করিডোর দিতে এ সব বাঁধ দেওয়া হয়েছে” উল্লেখ করে রিটে বলা হয়, “এতে সংশ্লিষ্ট এলাকার পরিবেশে বিরূপ প্রভাব ডেকে আনবে।”
পানিসম্পদ সচিব, যোগাযোগ সচিব, পরিবেশ ও বন সচিব, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে রিটে বিবাদী করা হয়েছে।
মাহমুদুরের নেতৃত্বাধীন বিরোধী দল সমর্থক সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সব বাঁধ নিয়ে আন্দোলন করে আসছিলো। তিনি ওই সংগঠনের আহ্বায়ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১৩৪ ঘ.
bdnews24