২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষাৎকারবেতন নিয়ে সমস্যা নেই, মূল্যস্ফীতি কমবে: মুহিত

একান্ত একটি সাক্ষাৎকারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের প্রধান অর্থনৈতিক প্রতিবেদক আবদুর রহিম হারমাছিকে অর্থমন্ত্রী বলেছেন, অর্থনীতি সঠিক পথেই এগুচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনীতি সঠিক পথেই এগুচ্ছে দাবি করে অর্থমন্ত্রী বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিয়ে কোনো সমস্যা নেই। আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বলেন, “সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সময়োপযোগী এবং বস্তুনিষ্ঠ নীতি অনুসরণ করায় অর্থনীতি সঠিক পথেই এগুচ্ছে। বিরোধী দল ও একটি মহল অযথা অপপ্রচার চালাচ্ছে।” সরকারের নেওয়া নানা পদক্ষেপের ইতিবাচক ফল হিসেবে মূল্যস্ফীতির হার কমছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অচিরেই মূল্যস্ফীতি কাঙ্খিত পর্যায়ে নেমে আসবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান বিরোধী দল, ঢাকা চেম্বারের সভাপতি এবং অর্থনীতিবিদদের সমালোচনার জবাবে সচিবালয়ে এক একান্ত সাক্ষাৎকারে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোর গতি-প্রকৃতি এবং বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত যথানিয়মে এবং উপযুক্ত পর্যায় থেকে প্রধানমন্ত্রীকে অবহিত রাখা হচ্ছে। এছাড়া অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে ত্রৈমাসিক এবং ষান্মাসিক ভিত্তিতে প্রতিবেদন উপস্থাপন করা হচ্ছে। এ ব্যবস্থা বর্তমান সরকারের আমলেই প্রবর্তিত হয়েছে উল্লেখ করেন তিনি। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আসিফ ইব্রাহিম রোববার এক সংবাদ সম্মেলনে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সঙ্কটাপন্ন দাবি করে বলেন, “ব্যাংকে তো টাকাই নেই, বিনিয়োগ হবে কোত্থেকে। এভাবে চলতে থাকলে সরকার তো চার-পাঁচ মাস পর বেতনই দিতে পারবে না।” এর মাসখানেক আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অর্থনীতি গভীর সংকটে রয়েছে বলে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছিলেন। অর্থনীতিতে সংকট চলছে- গণমাধ্যমে অর্থনীতিবিদরাও এ ধরনের মন্তব্য করে চলেছেন। বেতন-ভাতা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রসঙ্গে অর্থমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের রাজস্ব আয় দিয়ে কেবল বেতন-ভাতা নয়, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যয় নির্বাহ করা হয়।” তিনি জানান, গত ৩ বছরে সরকারের মোট রাজস্ব আয় ছিল দুই লাখ ৩৩ হাজার দুশ ৬৪ কোটি টাকা। এর মধ্যে সরকার বেতন-ভাতা বাবদ মাত্র ৫০ হাজার একশ ২৭ কোটি টাকা ব্যয় করে। “বাকি রাজস্ব দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করা হয়,” বলেন অর্থমন্ত্রী। কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ চলতি অর্থবছরে ২১ হাজার ছয়শ কোটি টাকা প্রয়োজন হবে উল্লেখ করে মুহিত বলেন, “নভেম্বর পর্যন্ত ৪০ হাজার ১৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।” তিনি জানান, এ হারে রাজস্ব আদায় অব্যাহত থাকলে চলতি অর্থবছরে মোট এক লাখ ১৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে। “গত তিন বছরে অভ্যন্তরীণ সূত্রে রাজস্ব আদায় দ্বিগুণ হয়েছে এবং সরকারি চাকুরেদের বেতনও ৬২ শতাংশ বেড়েছে” উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “অতএব চার/পাঁচ মাস পরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষমতা সরকারের থাকবে না- এ ধরণের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং উস্কানিমূলক।” ‘মূল্যস্ফীতি সহনীয় হবে’ মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে আসবে- এরকম আশা দিয়ে অর্থমন্ত্রী বলেন, “বিশ্বব্যাপী জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতির যে ঊর্ধ্বমুখী ধারা তা কেবল বাংলাদেশে নয়, আশপাশের দেশগুলোতেও পরিলক্ষিত হচ্ছে।” “এই ধারাকে প্রতিরোধ করতে সরকার ভর্তুকি হ্রাস করছে, সরকারি কর্মকাণ্ডে কৃচ্ছ্রতা অবলম্বন করছে, অধিকতর বিদেশি সম্পদ ব্যবহারের প্রচেষ্টা চালাচ্ছে, অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি করছে, আমদানির চাপ কমাতে চাচ্ছে, সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে।” “এ সবের ইতিবাচক ফল হিসেবে গত মাসে (ডিসেম্বর) মূল্যস্ফীতির হার কমেছে” উল্লেখ করে অর্থমন্ত্রী মুহিত বলেন, “এ অবস্থা থেকে উত্তরণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতিসহ সরকারের নেওয়া নানামুখী পদক্ষেপের সুফল অচিরেই দৃশ্যমান হবে এবং মূল্যস্ফীতি কাক্সিক্ষত পর্যায়ে নেমে আসবে।” বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামীতে বাড়বে প্রত্যাশা করে মুহিত বলেন, “বর্তমানে ৯ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ আছে। রপ্তানি আয় ১৪ দশমিক ৭২ শতাংশ হারে বাড়ছে। রেমিটেন্স প্রবাহের ঊর্ধ্বমুখি ধারাও অব্যাহত রয়েছে। ২০১১ সালে এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ছিল ১০ দশমিক ৬৩ শতাংশ। একই সঙ্গে আমদানির জন্য চাহিদাও সমন্বিত ও সংযত হয়েছে। ২০১০-১১ অর্থবছরে ৪১ দশমিক ৮ শতাংশ আমদানি ব্যয় বৃদ্ধির বিপরীতে চলতি ২০১১-১২ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়কালে এ বৃদ্ধির হার ছিল ২১ দশমিক ৬৫ শতাংশ।” রপ্তানি ও রেমিটেন্স প্রবাহের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং আমদানি ব্যয় হ্রাসের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের বর্তমান অবস্থার ইতিবাচক উন্নতি ঘটবে বলে জানান তিনি। ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার ফলে বেসরকারি খাতে বিনিয়োগের জন্য ব্যাংকে টাকা নেই বলে যে সমালোচনা করা হচ্ছে তা আদৌ সত্য এবং তথ্যনিষ্ঠ নয় বলে মন্তব্য করেন মুহিত। তিনি বলেন, “সরকার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ট্রেজারি বিল ও বন্ড ইস্যুর মাধ্যমে ঋণ নিলেও এর ফলে বেসরকারি খাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের প্রবাহ কমেনি। গত এক বছরে (২০১০ সালের নভেম্বর থেকে ২০১০ সালের নভেম্বর পর্যন্ত) মোট অভ্যন্তরীণ ঋণের প্রবাহ বেড়েছে ৯৭ হাজার তিনশ ৩১ কোটি টাকা। এর মধ্যে সরকারি খাতে ঋণের নিট প্রবাহ ছিল ৩৮ হাজার সাতশ ১২ কোটি টাকা এবং বেসরকারি খাতে ঋণের নিট প্রবাহ ছিল ৫৮ হাজার ছয়শ ২০ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ১৯ দশমিক ৩৩ শতাংশ।” ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণগ্রহণের পরিমাণ ক্রমান্বয়ে কমতে শুরু করেছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, “৩ জানুয়ারি পর্যন্ত এ ঋণের পরিমাণ ১৭ হাজার তিনশ কোটি টাকা।” ডলারের মূল্য ডলারের উচ্চমূল্য প্রসঙ্গে মহাজাট সরকারের এই মন্ত্রী বলেন, “বিদ্যুৎসহ অবকাঠামো খাতে মূলধনী যন্ত্রপাতি আমদানির মূল্য পরিশোধের কারণে বৈদেশিক মুদ্রার বিনিময় হারে যে চাপ লক্ষ্য করা যাচ্ছে তা খুবই সাময়িক। “উৎপাদনমুখী বিনিয়োগ, রপ্তানি ক্ষেত্রে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, রেমিটেন্স প্রবাহের ঊর্ধ্বগতির ফলে এ চাপ কেটে গিয়ে মূল্যস্ফীতির উপর দ্রুতই ইতিবাচক প্রভাব পড়বে।” অতিরিক্ত জ্বালানি তেল (পেট্রোল পণ্য) আমদানির জন্য যে অর্থের প্রয়োজন হচ্ছে তার জন্য স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। “বিদ্যুৎ ও জ্বালানির সা¤প্রতিক মূল্যবৃদ্ধি একটি অত্যন্ত প্রয়োজনীয়, সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্ত” মন্তব্য করে তিনি বলেন, “অর্থনৈতিক বাস্তবতায় এটি সরকারের সাহসী একটি পদক্ষেপ। অন্যথায়, ভর্তুকি ব্যয়বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির উপর চাপ সরাসরি, বহুমাত্রিক ও দীর্ঘস্থায়ী হতো। তাছাড়া ভর্তুকি এই সব ক্ষেত্রে যেভাবে বিভিন্ন স্তরের উপকারভোগীদের মধ্যে সমতা বিধানের ব্যবস্থা বিঘিœত করে ভর্তুকি কমালে সেই ন্যায়নীতি সমুন্নত হয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গেসঙ্গে স্থানীয়ভাবে মূল্য সমন্বয়ই সবচেয়ে যৌক্তিক পন্থা।” “গত এক বছরে প্রতিবেশি দেশ ভারত আট বার অভ্যন্তরীণ বাজারে জ্বালানি পণ্যের দাম বাড়িয়েছে” উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “আর বাংলাদেশে তিন বার মূল্য সমন্বয় করা হয়েছে। মূল্য সমন্বয়ের পরও আন্তর্জাতিক বাজার মূল্যের সঙ্গে দেশের অভ্যন্তরে জ্বালানি পণ্যের মূল্যের বড় ব্যবধান রয়েছে। আমাদের মনে রাখতে হবে ক্রমবর্ধমান ভর্তুকি অগ্রহণযোগ্য এবং তা অদক্ষতাকে ব্যাপকভাবে উৎসাহিত করে।” অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাত সংস্কার কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংক একটি নমনীয় সুদ হারের নীতিমালা প্রবর্তন করে; যার আওতায় বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেরাই ঋণের সুদের হার নির্ধারণ করতে পারে। তবে বিশ্বমন্দা পরিস্থিতি বিবেচনায় কয়েকটি খাতে ঋণের সুদ হারের ঊর্ধ্বসীমা আরোপ করা হয়েছিল। স¤প্রতি ব্যাংক আমানতের সুদের হার বেড়ে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোর কস্ট অব ফান্ড বেড়ে গেছে। অর্থমন্ত্রী মুহিত বলেন, “ঋণের সুদের হারের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার ফলে কিছু খাতে বিনিয়োগ বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য অলাভজনক হয়ে পড়েছিল। গুরুত্বপূর্ণ এসব খাতে ব্যাংকগুলোকে বিনিয়োগে উৎসাহিত করতেই সুদের হারের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করা হয়েছে।” তবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ ও কৃষি ঋণের ক্ষেত্রে এ ঊর্ধ্বসীমা এখনো বহাল আছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২১১৪ ঘ.