২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসিফ এতো সাহস কোথায় পেলেন: মুহিত

অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থি’তি নিয়ে ঢাকা চেম্বারের সভাপতির দেওয়া বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 04:35 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থি’তি নিয়ে ঢাকা চেম্বারের সভাপতির দেওয়া বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তিনি রাজনৈতিক নেতার মতো বক্তব্য দিয়েছেন। একজন ব্যবসায়ী নেতার এ ধরনের বক্তব্য কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমি তার বক্তব্যে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছি।” ঢাকা চেম্বারের নেতা আসিফ ইব্রাহিম রোববার এক সংবাদ সম্মেলনে দেশের অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করে বলেন, “ব্যাংকেতো টাকাই নেই, বিনিয়োগ হবে কোত্থেকে। এভাবে চলতে থাকলে সরকার তো চার-পাঁচ মাস পর বেতনই দিতে পারবে না।” তিনি আরো বলেন, “১৯৯১ সালে গণতন্ত্র আসার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি একদম অদক্ষভাবে দেশ পরিচালনা করেছে। দুই দলের অদক্ষ শাসনের কারণেই ভর্তুকি দিতে হচ্ছে।” কয়েকজন রাজনীতিক ও ব্যবসায়ীরা তার বক্তব্যের কঠোর সমালোচনা করেন। মুহিত বুধবার সন্ধ্যায় সচিবালয়ে বলেন, “দুপুরে তিনি (ঢাকা চেম্বারের সভাপতি) আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি তাকে বলেছি এ ধরনের দায়িত্বজ্ঞানহীন উস্কানিমূলক বক্তব্য দেয়া কোনোভাবেই ঠিক হয়নি। দেশের অর্থনীতি নিয়ে তিনি যে সব তথ্য দিয়েছেন তা ঠিক নয় বলেও আমি তাকে জানিয়েছি।” মৃদুভাষী বলে পরিচিত প্রবীণ এই সাবেক সরকারি কর্মকর্তাকে এসময় ক্ষুব্ধ দেখাচ্ছিল। রাগতস্বরে তিনি বলেন, “চার-পাঁচ মাস পর সরকার সরকারি কর্মকর্তা কর্মচারিদের বেতন দিতে পারবে না- এ ধরনের আতঙ্ক ছড়ানো বক্তব্য দেওয়ার সাহস তিনি কোথায় পান। “আমি ও আমার সরকার নাকি চাটুকারদের কথায় চলি- এ ধরনের বক্তব্য দেওয়ার সাহস তিনি পেলেন কোথায়?” অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার পর বিষয়টি নিয়ে ঢাকা চেম্বার সভাপতির কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি (অর্থমন্ত্রী) আমার আংকেল। বাবার মতো। ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম।” মন্ত্রী বলেন, “আমি তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি ব্যবসায়ী নেতার বক্তব্য ব্যবসায়ী নেতার মতোই হওয়া উচিৎ। রাজনৈতিক নেতার মতো নয়।” ওই সংবাদ সম্মেলনে আসিফ ইব্রাহিম দেশের অর্থনীতি সংকটাপন্ন বলেও মন্তব্য করেন। মাস খানেক আগে বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অর্থনীতি গভীর সংকটে রয়েছে বলে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২২২৭ ঘ.