২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিসিসিআই সভাপতির মন্তব্য অসত্য ভিত্তিহীন’

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বিষয়ে ঢাকা চেম্বারের সভাপতির মন্তব্য অসত্য ও ভিত্তিহীন বলে মনে করে বিনিয়োগ বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 04:21 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বিষয়ে ঢাকা চেম্বারের সভাপতির মন্তব্য অসত্য ও ভিত্তিহীন বলে মনে করে বিনিয়োগ বোর্ড। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতির সা¤প্রতিক বক্তব্যকে ‘অসত্য, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও কল্পনাপ্রসূত’ বলে বুধবার অভিহিত করে বিনিয়োগ বোর্ড (বিওআই)। রোববার দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলন করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহিম। তার দেওয়া তথ্য ও মন্তব্যের সঙ্গে এর আগে দ্বিমত পোষণ করে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের শীর্ষ কয়েকজন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতা। এরপর আনুষ্ঠানিকভাবে আসিফের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সংস্থা বিনিয়োগ বোর্ড। বোর্ডের পরিচালক ঝরনা বেগম স্বাক্ষরিত প্রতিক্রিয়ায় বলা হয়, “গত ৯ জানুয়ারি দৈনিক আমাদের সময়ে ডিসিসিআই সভাপতিকে উদ্ধৃত করে ‘দেশে কোন এফডিআই নেই, অথচ নেপাল, মিয়ানমারের মতো দেশেও বৈদেশিক বিনিয়োগ অনেক বেশি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।” এ সংবাদের প্রতিক্রিয়ায় বোর্ড বলেছে, “প্রকৃত সত্য হচ্ছে ২০১০ সালে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে। এ বিনিয়োগের পরিমাণ ছিল ৯১৩ মিলিয়ন মার্কিন ডলার।” ‘একই সময়ে নেপাল ও মিয়ানমারে বাংলাদেশের চেয়ে কম বিদেশি বিনিয়োগের’ তথ্য তুলে ধরে বিওআই বলছে, “[ডিসিসিআই সভাপতির] এ বক্তব্য আক্রোশ থেকে করা হয়েছে বলে মনে হয় যা দুর্ভাগ্যজনক। কিন্তু দেশের কোনো বাণিজ্যিক বা পেশাদার সংগঠনের সঙ্গে বিওআইর রেষারেষির সম্পর্ক নেই।” “ডিসিসিআইর পেশাদার সংগঠন হওয়ার কথা। তাই আমরা আশা করব, কোনো বিবৃতি দেওয়ার আগে তথ্য উপাত্ত যাচাই করে নেওয়া হোক,” বলা হয় বিনিয়োগ বোর্ডের প্রতিক্রিয়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২২০৫ ঘ.