ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য বিপুল পরিমাণ জ্বালানির চাহিদা মেটাতে গিয়ে কেন্দ্রগুলোকেই প্রয়োজনীয় তেল আমদানির অনুমতি দিয়েছে সরকার।
বুধবার অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতোদিন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনই (বিপিসি) কেবল জ্বালানি তেল আমদানি করতে পারতো।
সরকারের এই সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ কেন্দ্রগুলোই নিজেদের উদ্যোগে কেন্দ্র চালানোর জন্য প্রয়োজনীয় ডিজেল ও ফার্নেস অয়েল আমদানির সুযোগ পাবে। এক্ষেত্রে বিদ্যুৎ কেন্দ্রগুলো বিপিসির মতো একই হারে শুল্ক দেবে সরকারকে।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন. “ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য প্রচুর ফার্নেস অয়েল ও ডিজেল প্রয়োজন হচ্ছে। কিন্তু জ্বালানি তেল আমদানি ও বিপণনে সরকারি সংস্থা বিপিসির এতো বিপুল পরিমাণ তেল আমদানির সক্ষমতা নেই। এ বিষয়টি বিবেচনায় রেখেইে বেসরকারি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো যাতে তাদের প্রয়োজন অনুযায়ী তেল আমদানি করতে পারে তার অনুমোদন দেওয়া হয়েছে।”
বিপিসির তথ্য অনুযায়ী, গত ২০১০-১১ অর্থবছরে ৩৮ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করতে হয়েছে। চলতি ২০১১-১২ অর্থবছরে তা প্রায় দ্বিগুণ বেড়ে ৭২ লাখ টনে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর চাহিদা বেড়ে যাওয়ায় এই বাড়তি তেলের প্রয়োজন হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসব কেন্দ্রে ভর্তুকিতে তেল সরবরাহ করতে গিয়ে গত বছর গ্রাহক পর্যায়ে চার দফা দাম বাড়িয়েছে সরকার।
বর্তমান সরকার ২০১৬ সালের মধ্যে বিদ্যুতের উৎপাদন প্রায় ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে।
এ পরিকল্পনা বাস্তবায়নে এ পর্যন্ত পাঁচ হাজার ৩১৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪৯টি বিদ্যুুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯৪৪ মেগাওয়াটের ২৪টি কেন্দ্র উৎপাদন শুরু করেছে। বাকি তিন হাজার ৩৭৫ মেগাওয়াটের ২৫ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে, যা আগামী ফেব্র“য়ারি থেকে ২০১৩ সালের মাঝামাঝি সময়ের মধ্যে উৎপাদনে যাবে।
চুক্তি হওয়া ৪৯টি বিদ্যুুৎ কেন্দ্রের মধ্যে ১৭টি দ্রুত ভাড়াভিত্তিক (কুইক রেন্টাল) কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে এক হাজার ৩৮৮ মেগাওয়াট। আর ৩টি রেন্টাল (ভাড়া ভিত্তিক) কেন্দ্রের ক্ষমতা ২৬৫ মেগাওয়াট।
এছাড়া রয়েছে এক হাজার ৬৫৬ মেগাওয়াটের ১১টি আইপিপি (ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার) এবং দুই হাজার ১০ মেগাওয়াটের সরকারি ১৮টি কেন্দ্র।
এর মধ্যে ২৬৫ মেগাওয়াটের ৩টি রেন্টাল (ভাড়া ভিত্তিক), এক হাজার ৮৮ মেগাওয়াটের ১৩টি দ্রুত ভাড়াভিত্তিক (কুইক রেন্টাল) এবং ৫৯১ মেগাওয়াটের ৮টি সরকারি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে।
নির্মিতব্য বাকি ২৫টি কেন্দ্রের মধ্যে রয়েছে ৩০০ মেগাওয়াটের ৪টি দ্রুত ভাড়াভিত্তিক (কুইক রেন্টাল), এক হাজার ৬৫৬ মেগাওয়াটের ১১টি আইপিপি (ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার) এবং এক হাজার ৪১৯ মেগাওয়াটের ১০টি সরকারি কেন্দ্র।
দেশে বর্তমানে দৈনিক প্রায় সাড়ে ৬ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে গড়ে পাঁচ হাজার মেগাওয়াটের কিছু বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে মোট উৎপাদন ক্ষমতা রয়েছে সাত হাজার ৬১৩ মেগাওয়াট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এআরআর/এএইচ/জেকে/১৯২৯ ঘ.
bdnews24