২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে পাইপ কেনার চুক্তি

বিবিয়ানা-ধনুয়া গ্যাস সঞ্চালন লাইন প্রকল্পের আওতায় ১৩৩ কিলোমিটার সরবরাহ লাইনের জন্য ভারতীয় একটি প্রতিষ্ঠানের কাছ থেকে পাইপ কিনবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিবিয়ানা-ধনুয়া গ্যাস সঞ্চালন লাইন প্রকল্পের আওতায় ১৩৩ কিলোমিটার সরবরাহ লাইনের জন্য ভারতীয় একটি প্রতিষ্ঠানের কাছ থেকে পাইপ কিনবে সরকার। সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। এতে সরকারের পক্ষে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) সচিব মো. ইউনুস এবং ভারতীয় প্রতিষ্ঠান মান ইন্ডস্ট্রিজের পক্ষে প্রধান বিপণন ব্যবস্থাপক সঞ্জীব দেব সই করেন। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৫৩৬ কোটি ৩৫ লাখ টাকা। চুক্তি অনুযায়ী আট মাসের মধ্যে সব পাইপ সরবরাহ করবে ভারতীয় প্রতিষ্ঠানটি। জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুর রহমান বলেন, “এটিই হবে দেশের সবচেয়ে বড় গ্যাস সঞ্চালন লাইন। পুরো প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৫০ কোটি ৩১ লাখ টাকা।” হবিগঞ্জ থেকে গাজীপুর পর্যন্ত নতুন সঞ্চালন লাইন স্থাপিত হলে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উৎপাদিত অতিরিক্ত গ্যাস বৃহত্তর ঢাকায় নিয়ে আসা যাবে, যোগ করেন তিনি। গত ১৫ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি অনুমোদন পায়। সম্পূর্ণ সরকারি অর্থে এ প্রকল্প বাস্তবায়ন হবে। ২০১৩ সলের জুনে প্রকল্পের কাজ শেষ করার সময় ধরা হয়েছে। হবিগঞ্জের বিবিয়ানা থেকে গাজীপুরের ধনুয়া পর্যন্ত দূরত্ব ১৩৭ কিলোমিটার হলেও চার কিলোমিটারের মতো নদীতে রয়েছে। এ কারণে ১৩৩ কিলোমিটার সঞ্চালন লাইনের জন্য পাইপ কেনা হচ্ছে বলে জানান আমিনুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/২১৪৫ ঘ.