ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ১১ সদস্যকে তিন মাস দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলেছে হাইকোর্ট।
পাশাপাশি তাদেরকে পদ থেকে অপসারণে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে।
সোমবার রাকিমুল আল মামুন নামে ব্যাংকটির এক শেয়ারহোল্ডারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের বেঞ্চ এ আদেশ দেন।
পরিচালনা বোর্ডের ওই ১১ সদস্য হচ্ছেন- পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. আনিসুল হক, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আজম ও আব্দুল জব্বার মোল্লা, পরিচালক ফয়সাল আহমেদ পাটওয়ারি, সুলতান মাহমুদ চৌধুরী, নাসিরুদ্দিন, এসকে মো. রাব্বান আলী, আব্দুল আওয়াল পাটওয়ারী, মো. সায়েদুর রহমান, ড. মিসেস লিলি আমিন, নুরে আলম চৌধুরী।
আগামী তিন সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সাধারণ ব্যবস্থাপক (জিএম) (ব্যাংকিং ও পলিসি) এবং ১১ পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটে বলা হয়, ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পরিচালক থাকার জন্য শতকরা দুই শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক। কিন্তু ১১ পরিচালকের দুই শতাংশ শেয়ার নেই। তা ছাড়া তিন বছর করে দুই মেয়াদে পরিচালক থাকার নিয়ম থাকলেও তারা ১৬ বছর ধরে পরিচালক পদে রয়েছেন, যা বেআইনি।
ব্যাংকটির ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ ব্যাংকের পরিচালনা পর্ষদে মোট ১৭জন সদস্য রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৯২৭ ঘ.
bdnews24